দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মধ্যপ্রাচ্য শান্তিচুক্তি নিয়ে আলোচনার জন্য একটি কাঠামো দাঁড় করানোর নতুন চেষ্টায় ওই অঞ্চলে সফরে
রয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে বলেছেন, আগামী জুলাই মাসে উভয় পক্ষের মধ্যে সরাসরি আলোচনা শুরু হতে পারে বলে তাঁদের বিশ্বাস। গত তিন বছরের এই মার্কিন প্রচেষ্টা বর্তমানে নতুন ধাপে
গড়িয়েছে। আগামী এপ্রিল মাসের মধ্যে একটি চুক্তির লক্ষ্যমাত্রা নেওয়া হলেও উভয় পক্ষ আপসের ব্যাপারে নত না হওয়ায় চুক্তির ব্যাপারে এখনো হিমশিম খেতে হচ্ছে।
জন কেরি গত বৃহস্পতিবার ইসরায়েলে পৌঁছান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটিতে এটা তাঁর দশম সফর। ওই দিনই তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পাঁচ ঘণ্টা ধরে
বৈঠক করেন। এর পর গতকাল দুপুরে আবার মিলিত হন তাঁরা। তার আগে সকালে কেরি ও তাঁর সফরসঙ্গীরা জেরুজালেমে যে হোটেলে উঠেছেন, সেখানে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লিবারম্যানের সঙ্গে
বৈঠক করেন। মার্কিন এই শীর্ষ কূটনীতিক পরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করতে রামাল্লা যাবেন।
অবশ্য কেরি এত দৌড়ঝাঁপ করলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কণ্ঠে ছিল নৈরাশ্যের সুর। তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি ফিলিস্তিনিরা আসলেই শান্তি
চান কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
কেরিকে নেতানিয়াহু বলেন, ‘আমি জানি, আপনি শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি নিজেও শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে দুর্ভাগ্যজনকভাবে ফিলিস্তিনি নেতারা যে পদক্ষেপ নিচ্ছেন ও যা বলছেন,
তাতে ফিলিস্তিনিরা শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ কি না, সে বিষয়ে ইসরায়েলের সংশয় রয়েছে, যা ক্রমেই বাড়ছে।’
শান্তি আলোচনার অংশ হিসেবে দীর্ঘদিন ধরে কারাবন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার বিষয়টি তুলে ইসরায়েলি এই নেতা বলেছেন, ফিলিস্তিনি নেতা আব্বাস ‘সন্ত্রাসীদের হিরো হিসেবে আখ্যা দিয়েছেন।’
নিষ্পাপ নারী-পুরুষ হত্যাকারীদের হিরো হিসেবে মর্যাদা দেওয়ার বিষয়টি ক্ষোভের সঞ্চার করে। নেতানিয়াহু বলেন, তিনি (আব্বাস) সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়ান না, বরং সন্ত্রাসীদের পাশে দাঁড়িয়েছেন।
তবে কেরি প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, যুক্তরাষ্ট্র উভয় পক্ষের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁদের লক্ষ্য হচ্ছে, আলোচনার জন্য দিকনির্দেশনা দেবে এমন একটি কাঠামোর ব্যাপারে মতপার্থক্য কমিয়ে
আনা। কেরি বলেন, ‘এটা সময় নেবে। এটা উভয় পক্ষের কাছ থেকে ছাড় আদায় করবে। তবে একটা গৃহীত কাঠামোই হবে গুরুত্বপূর্ণ অর্জন।’
কোন ধরনের কাঠামোর জন্য কাজ করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে এটা জানিয়েছেন যে, এই কাঠামো খুব শিগগিরই চূড়ান্ত হবে বলে তাঁরা আশা
করছেন। এএফপি।