আলোচনার জন্য নিরাপত্তা প্রস্তাব নাকচ আফগান তালেবানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা নাকচ করে দিয়ে আফগান তালেবান বলেছে, তাদের আলোচনায় নিয়ে আসতে যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও আফগান সরকারের পক্ষ থেকে যে নিরাপত্তার প্রস্তাব দেওয়া হয়েছে, তার লক্ষ্য তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা। কাজেই তারা এ প্রস্তাবের ফাঁদে পা দেবে না। কেননা, এসব করে ‘শত্রুরা’ প্রকৃত সমস্যা থেকে দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করছে।পাকিস্তানের ইসলামাবাদে দুই দিনের বৈঠকের পর গত শুক্রবার যুক্তরাষ্ট্র, আফগানিস্তান ও পাকিস্তানের কর্মকর্তারা জানান, শান্তি আলোচনায় যোগ দিতে আগ্রহী তালেবান সদস্যদের জন্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এ ব্যবস্থা করতে একটি কমিটি গঠনেরও ঘোষণা দেন তাঁরা।ওই প্রস্তাব নাকচ করে আফগান তালেবান গতকাল রোববার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে বলেছে, ‘শত্রুরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। কিন্তু তাদের এই অপচেষ্টা ব্যর্থ হবে। যেমন ১০ বছর ধরে তাদের সব কৌশল ব্যর্থ হয়েছে। তবে তাদের এ প্রস্তাব থেকে শত্রুপক্ষের দুর্বলতা, ভীতি ও হতাশা পরিষ্কার হয়েছে।’আর আলোচনায় আগ্রহী তালেবানের নিরাপত্তা নিশ্চিত করতে তিন দেশ যে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে, তার সমালোচনা করে তালেবান বলেছে, এটি একটি তালগোল পাকানো অশুভ উদ্যোগ।তালেবানের বিবৃতিতে বলা হয়, ‘প্রকৃত বাস্তবতা অনুধাবনের চেষ্টা বাদ দিয়ে যুক্তরাষ্ট্র নোংরা খেলায় মেতেছে। এতে করে তারা আফগানিস্তানে মতৈক্য প্রতিষ্ঠার যে কথা বলছে, তা আরও ক্ষতিগ্রস্ত হবে।’বিবৃতিতে আরও বলা হয়, কেবল যারা যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে, তাদের নিরাপত্তা দেওয়ার কথাই তারা বলছে। এটা শুধু আমাদের মধ্যে ভাঙন ধরানোর জন্যই তারা করছে। তবে তাদের এ অপচেষ্টায় কোনো লাভ হবে না।তবে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরুর প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে আফগান সরকার। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানন মোসাজাই গতকাল বলেছেন, আফগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে চায় এমন যেসব তালেবান পাকিস্তানে আছে, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলেছে তাঁর দেশ।ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে মোসাজাই বলেন, ‘ওই সব তালেবান নেতা যেন তাঁদের জীবন ও পরিবারের জন্য হুমকি বোধ না করে।’তবে আফগান কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। আফগানিস্তান থেকে ফোনে তিনি বলেন, ‘আমাদের নীতিতে কোনো পরিবর্তন হয়নি। আফগান সরকারের সঙ্গে আমরা কোনো ধরনের আলোচনায় যাব না।’ এএফপি।