আলোচনার দ্বিতীয় পর্বও ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় রক্তপাত বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে জেনেভায় আয়োজিত দ্বিতীয় পর্বের শান্তি আলোচনা গতকাল শনিবার ব্যর্থ হয়েছে। সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনার পর সাংবাদিকদের এ কথা জানান জাতিসংঘের বিশেষ দূত লাখদার ব্রাহিমি। তিনি এ দুই পক্ষের আলোচনায় মধ্যস্থতা করছিলেন।
এর আগে শান্তি আলোচনার অচলাবস্থা কাটাতে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ব্রাহিমি। এর অংশ হিসেবে গতকাল সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধিরা আবার মুখোমুখি বসেন। মাত্র ২৭ মিনিট পর আলোচনা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আলোচনায় কোনো অগ্রগতি হয়নি জানিয়ে সিরিয়ার জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন জাতিসংঘের এই দূত। দুই পক্ষ আবারও আলোচনায় ফিরবে কি না তাও নিশ্চিত করতে পারেননি তিনি।
এর আগে গত শুক্রবার সিরিয়ার দুই পক্ষ আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হওয়ার বিষয়টি স্বীকার করে পরিস্থিতির জন্য পরস্পরকে দায়ী করেন।
সিরিয়ায় রক্তপাত বন্ধের পথ খুঁজতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় গত সোমবার জেনেভা শান্তি সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হয়। গত শুক্রবার তা শেষ হওয়ার কথা ছিল। তবে আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হওয়ায় তা কাটাতে শেষ চেষ্টা হিসেবে শনিবার দুই পক্ষকে মুখোমুখি বসানোর উদ্যোগ নেন ব্রাহিমি। গত বৃহস্পতিবার তিনি জেনেভা আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ার বিষয়টি স্বীকার করেন। একই সঙ্গে জানান, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এই অচলাবস্থা কাটাতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
জেনেভা আলোচনায় অচলাবস্থা সৃষ্টির মূল কারণ আলোচ্যসূচি নিয়ে দুই পক্ষের একমত হতে না পারা। বিদ্রোহীরা চাইছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সরিয়ে অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থা নিয়ে আলোচনা করতে। আর সরকারি প্রতিনিধিরা বাশারের পদত্যাগের বিষয়টি নাকচ করে বলছেন, সিরিয়ায় চলমান ‘সন্ত্রাসবাদ’ নিয়েই প্রথমে আলোচনা হতে হবে।
বাশারের ওপর চাপ বাড়াবেন ওবামা: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ওপর আরও চাপ বাড়ানোর অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এএফপি, বিবিসি ও আল-জাজিরা।