সিরিয়ায় সহিংসতা বন্ধের লক্ষ্য নিয়ে জেনেভায় শুরু হওয়া দ্বিতীয় পর্বের শান্তি আলোচনাও কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পথে। জাতিসংঘের বিশেষ দূত ও সিরিয়ার দুই পক্ষের মধ্যস্থতাকারী লাখদার ব্রাহিমি গত বৃহস্পতিবার সে রকমই ইঙ্গিত দিয়েছেন।
তবে সিরিয়ার বিদ্রোহীদের ঘনিষ্ঠ বলে পরিচিত যুক্তরাষ্ট্র ও সিরীয় সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত রাশিয়া আলোচনার অচলাবস্থা কাটাতে সহায়তার ‘প্রতিশ্রুতি’ দিয়েছে।
জেনেভায় গত ২২ জানুয়ারি থেকে প্রথম পর্বের সপ্তাহব্যাপী আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হয় গত সোমবার। গতকাল শুক্রবারই তা শেষ হওয়ার কথা। কিন্তু মুখোমুখি বসেও আলোচ্যসূচির বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয় সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধিরা। আলোচনার সঙ্গে সম্পৃক্ত পশ্চিমা একজন কূটনীতিক বলেন, দ্বিতীয় পর্বের আলোচনাও সমাপ্তির পথে। কিন্তু ইতিবাচক কোনো সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচ্চপর্যায়ের কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর গত বৃহস্পতিবার ব্রাহিমি বলেন, ‘আমরা এখন পর্যন্ত বলার মতো কোনো অগ্রগতি অর্জন করতে পারিনি। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া জেনেভায় হোক বা তাদের রাজধানীতে হোক কিংবা অন্য কোথাও হোক, চলমান আলোচনার অচলাবস্থা কাটাতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।’
জেনেভায় সিরিয়ার দুই পক্ষ এমন অবস্থান নিয়েছে যে বৃহস্পতিবার মুখোমুখি আলোচনায় বসেননি সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধিরা। শুক্রবারও মুখোমুখি আলোচনায় না বসে বরং ব্রাহিমির সঙ্গে পৃথক বৈঠক করার সিদ্ধান্ত জানিয়েছেন তাঁরা।
জেনেভায় বিদ্রোহীরা চাইছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সরিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা করতে। আর সরকারি প্রতিনিধিরা বাশারের পদত্যাগের বিষয়টি নাকচ করে বলছেন, সিরিয়ায় চলমান ‘সন্ত্রাসবাদ’ নিয়েই প্রথমে আলোচনা হতে হবে।
প্রেসিডেন্ট বাশারের ঘনিষ্ঠ বলে পরিচিত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেছেন, জেনেভা আলোচনা শুধু সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার বিষয়টিকে গুরুত্ব দেওয়া চলবে না। তিনি অভিযোগ করেন, সিরিয়ার বিদ্রোহীরা শুধু সরকার পরিবর্তনের বিষয়টিই সামনে আনতে চাইছে। আর তাদের পশ্চিমা ও আরব বিশ্বের সমর্থকেরা জেনেভা আলোচনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
এদিকে জাতিসংঘের মানবিক ত্রাণ-সহায়তাবিষয়ক প্রধান ভ্যালেরি আমোস সিরিয়ায় আরও ত্রাণ-সহায়তা দেওয়ার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সিরিয়ায় বিভিন্ন সময় সরকার ও বিদ্রোহীদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন। এএফপি, রয়টার্স ও বিবিসি।