আলোচনার সম্ভাবনা নাকচ করে দিল পাকিস্তানের তালেবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর ওয়াজিরিস্তানে ২০০৮ সালে সমবেত হওয়া পাকিস্তানি তালেবানের কিছু সদস্য। ছবি: ফাইল
উত্তর ওয়াজিরিস্তানে ২০০৮ সালে সমবেত হওয়া পাকিস্তানি তালেবানের কিছু সদস্য। ছবি: ফাইল

তালেবান বাহিনীর পাকিস্তান শাখার নেতারা জানিয়েছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য দেশটির সরকার আলোচনায় বসার যে প্রস্তাব দিয়েছে, তা তাঁরা গ্রহণ করেননি। রয়টার্সকে দেওয়া সাক্ষাত্কারে এক শীর্ষ নেতা বলেছেন, তাঁরা যেকোনো মূল্যে জিহাদ বা ধর্মযুদ্ধ চালিয়ে যাবেন।

পাকিস্তান তালেবানের মুখপাত্র শাহিদুল্লাহ শাহিদ পাকিস্তান সরকারকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনায় বসার আগে সব তালেবান বন্দীর মুক্তি, তালেবান-অধ্যুষিত উপজাতি এলাকা থেকে সেনা প্রত্যাহার এবং মার্কিন ড্রোন হামলা বন্ধ করার শর্ত দিয়েছেন।

আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়ছে পাকিস্তানি তালেবান। এ বাহিনীটি আফগানিস্তানের তালেবানের একটি শাখা। তবে এ শাখাটি স্বাধীনভাবে কাজ করে। পাকিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য সরকার দেশটির তালেবানদের সঙ্গে আলোচনায় বসতে চায়।

সম্প্রতি ওয়াজিরিস্তান সফরের সময় শাহিদ সাংবাদিকদের বলেন, ‘ড্রোন হামলা এ অঞ্চলে চলাফেরার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। ...আমাদের শত্রুপক্ষ পারমাণবিক বোমা ব্যবহার করলেও আমরা আমাদের জিহাদ বন্ধ করব না।’

পাকিস্তান সরকার শান্তি আলোচনার জন্য যতই ব্যাকুল হোক না কেন, গত মে মাসে নির্বাচনের পর প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকার ক্ষমতায় যাওয়ার পর দেশটিতে সহিংসতা বহুগুণ বেড়ে গেছে। দেশটির গির্জা, বাস ও বাজারে যখন-তখন বোমা বিস্ফোরিত হচ্ছে। এসব ঘটনায় তালেবানদের লড়াই অব্যাহত রাখার অভিপ্রায় প্রতিফলিত হচ্ছে।

তালেবান ও সরকারের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনার নিয়ে সরাসরি  কোনো কথা হয়নি উল্লেখ করে শাহিদ আরও বলেন, ‘ইসলামের জন্য গণতন্ত্রের প্রয়োজন নেই। ইসলাম নিজেই একটি পূর্ণ ব্যবস্থা।’

নিরাপত্তার খাতিরে রয়টার্সের প্রতিবেদনে সাক্ষাতের স্থানের নাম উল্লেখ করা হয়নি।

পাকিস্তানের আধা-স্বায়ত্তশাসিত পশতুন এলাকা আফগানিস্তানের সীমান্তের কাছে অবস্থিত। এটি কেন্দ্রের শাসনের থাকা একটি উপজাতি এলাকা, যা কখনোই পুরোপুরিভাবে সরকারের নিয়ন্ত্রণে আসেনি। এ কারণে এলাকাটি এখন গোঁড়া ধর্মাবলম্বীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।