আলোচনায় ইউরোসংকট ও আফগানিস্তান প্রসঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে প্রথমবার অনুষ্ঠিত বৈঠকে ইউরো অঞ্চলের অর্থনীতি ও আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে জি-৮ শীর্ষ সম্মেলন শুরুর প্রাক্কালে গতকাল শুক্রবার মার্কিন ও ফরাসি প্রেসিডেন্ট বৈঠক করেন।উভয় নেতা ইউরো অঞ্চলের অর্থনীতি চাঙা করার ওপর জোর দেন। ইউরোসংকট মোকাবিলায় একটি সাধারণ জোট গঠনের ব্যাপারে জি-৮ সম্মেলনে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। সমাজতন্ত্রী নেতা ফ্রাঁসোয়া ওলাঁদ প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরই ইউরোপের ঋণসংকট মোকাবিলায় বর্তমান ব্যয়সংকোচন-নীতি পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। এ ছাড়া তিনি আফগানিস্তানে নিয়োজিত সেনাবাহিনীকে চলতি বছরের শেষ নাগাদ প্রত্যাহারের ঘোষণা দেন।যুক্তরাষ্ট্রে বিগত অর্থনৈতিক মন্দা মোকাবিলায় ওবামা প্রশাসন কঠিন সময় পার করেছে। অপরদিকে ওলাঁদ নিজ দেশে ব্যয়সংকোচন নীতির বদলে নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছেন। এবারের জি-৮ সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন গ্রিসের অর্থনীতি চরম বিপর্যয়কর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। জি-৮ সম্মেলন এবার এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন গ্রিসের মানুষ ব্যাংক থেকে নগদ টাকা তুলে নিচ্ছে। ইউরো অঞ্চলের একক মুদ্রা বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কায় তাঁরা এ রকম উদ্যোগ নিয়েছেন।ইউরোপের অর্থনীতি পুনরুজ্জীবিত করতে সেখানকার নেতাদের প্রতি একাধিকবার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা ও মার্কিন সরকারের কর্মকর্তারা। তাঁদের আশঙ্কা, মার্কিন অর্থনীতিও ইউরোসংকটের প্রভাবে আক্রান্ত হতে পারে। আর তা হলে সেটা আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।মার্কিন গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক হিথার কনলি বলেন, অর্থনৈতিক ভারসাম্য অর্জন, ব্যয়সংকোচন ও অর্থনীতি চাঙা করার ব্যাপারে ওলাঁদ ও ওবামার দৃষ্টিভঙ্গির মধ্যে মিল রয়েছে। এতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল চাপের মুখে পড়তে পারেন। কারণ তিনি ইউরো অঞ্চলে ব্যয়সংকোচনের পুরোনো নীতি বহাল রাখার পক্ষপাতী। রয়টার্স।