আলোচনায় বসছে দক্ষিণ সুদানের সরকার ও বিদ্রোহীরা
নতুন বছরের শুরুতে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে দক্ষিণ সুদানের সরকার ও বিদ্রোহীরা। বিশ্বের নতুনতম দেশটিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা জাতিগত সংঘাত বন্ধ করতে এবং অস্ত্রবিরতির আলোচনা করতে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এই আলোচনা শুরু হচ্ছে। আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় আছে উন্নয়নসংক্রান্ত আন্তসরকার কর্তৃপক্ষ (আইজিএডি)। প্রতিষ্ঠানটির পূর্ব এশীয় অঞ্চলের চেয়ারম্যান ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী তেদরস আধানম বলেন, ‘দক্ষিণ সুদানের বোর অঞ্চলে চলমান সহিংসতার কারণে এই আলোচনা ভেস্তে যেতে পারে। বিষয়টি নিয়ে আমি উদ্বিগ্ন।’
আইজিএডি জানায়, দুই পক্ষের প্রতিনিধিরা শিগগিরই আদ্দিস আবাবায় আসছেন। এর আগে উভয় পক্ষ থেকে আলোচকদের নাম পাঠানো হবে।
দক্ষিণ সুদানের সরকার বলছে, সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগত বাহিনীর সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে দেশটির প্রধান শহর বোরের ওপর তারা নিয়ন্ত্রণ হারিয়েছে। সংঘর্ষে এ পর্যন্ত অন্তত এক হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রী বার্নাবা ম্যারিয়াল বেঞ্জামিন গতকাল বুধবার খুদে ব্লগ লেখার সাইট টুইটারে লিখেন, ‘আমরা দক্ষিণ সুদানের লোকজনকে কোনো অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে ঠেলে দিতে চাই না।’
আঞ্চলিক ও পশ্চিমা শক্তিগুলোর চাপে সরকার ও বিদ্রোহীরা শান্তি আলোচনা শুরু করতে সম্মত হয়। উত্তর সুদানের সঙ্গে দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটাতে মুখ্য ভূমিকা পালন করে ওয়াশিংটন, জাতিসংঘ ও দক্ষিণ সুদানের প্রতিবেশীরা। আর তাদের এই ভূমিকার ফলে ২০১১ সালে উত্তর সুদান হতে বিচ্ছিন্ন হয় দক্ষিণ সুদান।
ব্রিটিশ পেট্রোলিয়াম জানায়, সাব সাহারান আফ্রিকার তৃতীয় বৃহত্তম তেলের ভান্ডার আছে এই দক্ষিণ সুদানে। তবু দেশটি এখনো এই মহাদেশের অন্যতম অনুন্নয়নশীল দেশ।
প্রেসিডেন্ট সালভা কির অভিযোগ করেন, ক্ষমতা দখলের বাসনা থেকে সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচার সংঘর্ষের সূত্রপাত করেন। তাঁকে গত বছর জুলাইয়ে বরখাস্ত করা হয়। রাজধানী জুবায় ১৫ ডিসেম্বর দুই পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তেল উৎপাদনশীল এলাকাগুলোতে দ্রুত সেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রয়টার্স।