আলোচনায় বসতে আগ্রহী ইরান: আহমাদিনেজাদ
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বশক্তির সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম আহমাদিনেজাদকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে। ইরানের ওপর পশ্চিমা দেশগুলোর নতুন করে অবরোধ আরোপের পরিপ্রেক্ষিতে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় বসার এ প্রস্তাব দিলেন তিনি।প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেন, ‘আমরা কেন আলোচনার টেবিল থেকে দূরে থাকব?’গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন বলেন, ‘ইরান সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমরা আবার আলোচনার টেবিলে ফিরে যাওয়ার আগ্রহ দেখাচ্ছি এবং পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে এক বছর আগে ইস্তাম্বুলে যে আলোচনা শুরু হয়েছিল, নতুন করে তা শুরু করতে ইরানকে আমন্ত্রণ জানাচ্ছি।’এর আগে পশ্চিমা দেশগুলোও অভিযোগ করেছিল, ইরান তার বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে অনীহা প্রকাশ করেছে। পশ্চিমাদের ওই অভিযোগের তাৎক্ষণিক জবাবে আলোচনায় বসার আগ্রহ দেখালেন ইরানের প্রেসিডেন্ট। সর্বশেষ ২০১১ সালের জানুয়ারি মাসে তুরস্কে বিশ্বশক্তির সঙ্গে ইরানের আলোচনা হয়েছিল। তবে ওই আলোচনা ফলপ্রসূ হয়নি। নতুন করে অবরোধ আরোপ করা হলেও তা ইরানকে ক্ষতিগ্রস্ত করবে না বলে মনে করেন আহমাদিনেজাদ। তিনি বলেন, ‘একসময় আমাদের বাণিজ্যের প্রায় ৯০ শতাংশই ছিল ইউরোপের সঙ্গে। কিন্তু বর্তমানে তা ১০ শতাংশে এসে দাঁড়িয়েছে। এই ১০ শতাংশ আমরা খোঁজার চেষ্টা করছি না।’ আহমাদিনেজাদ বলেন, ‘গত ৩০ বছরে যুক্তরাষ্ট্র আমাদের কাছ থেকে তেল কেনেনি। আমাদের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।’ এএফপি।