আলোচনায় যশোদাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত বছর যে প্রসঙ্গ তিনি সযত্নে এড়িয়ে যেতে চেয়েছিলেন, এবার নির্বাচনে সেই প্রসঙ্গই নরেন্দ্র মোদিকে বিব্রতকর অবস্থায় ফেলে দিল। মোদি যে বিবাহিত, সেই প্রসঙ্গ ২০০১ সাল থেকে তিনি এড়িয়ে গেছেন। কখনোই তিনি স্ত্রীকে স্বীকৃতি দেননি। প্রতিবারই হলফনামায় এ-সংক্রান্ত প্রশ্ন তিনি এড়িয়ে গেছেন।
এই প্রথম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়ে মোদি হলফনামায় স্ত্রী যশোদাবেনের নাম উল্লেখ করেন। যদিও তাঁর আয় কত, আয়করের রিটার্ন কিংবা প্যান কার্ডের নম্বর উল্লেখ করেননি। এ থেকেই শুরু হয় বিতর্ক। প্রশ্ন উঠছে, এত দিন কেন তিনি তথ্য গোপন করেছিলেন, এখনই বা কেন তিন সত্য কবুল করছেন।
কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী গতকাল শুক্রবার জম্মু-কাশ্মীরের ডোডায় এক জনসভায় এই প্রথম মোদির স্ত্রীর প্রসঙ্গ তোলেন। রাহুল বলেন, ‘দিল্লিতে মোদির দল পোস্টার মেরেছিল, মহিলাদের সম্মান দেওয়ার কথা লিখেছিল। অথচ, নিজের স্ত্রীকে এত দিন তিনি সম্মান দেননি।’
মোদির স্ত্রী ইস্যুতে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে কংগ্রেস। আগের নির্বাচনগুলোতে বিষয়টি গোপন করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে দলটি।
এদিকে মোদি স্ত্রী বলে স্বীকার করে নেওয়ার পর আলোচনায় চলে আসেন যশোদাবেন। আলোচনার কেন্দ্রবিন্দু এখন তিনিই। খবর বেরিয়েছে, গণমাধ্যমের নজর এড়াতে তীর্থযাত্রায় গেছেন তিনি।