আলোচনায় রাজি নয় রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নয় রাশিয়া। দুর্ভাগ্যবশত রাশিয়া এই সংকটের কূটনৈতিক সমাধানকে প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেকসান্দার তারচিনভ গতকাল বুধবার এমনই দাবি করেছেন।

এদিকে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল ‘দখলের পাঁয়তারা’ বন্ধে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে সাত শিল্পোন্নত দেশের জোট জি-সেভেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, রাশিয়া এ ধরনের পদক্ষেপ গ্রহণ করলে তারাও এককভাবে বা জোটগতভাবে পাল্টা ব্যবস্থা নেবে।

জি-সেভেনের নেতারা বলেছেন, ক্রিমিয়ার ইউক্রেন ছেড়ে রাশিয়ায় যুক্ত হওয়া নিয়ে যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে স্বীকৃতি দেবেন না তাঁরা।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী আরসেনি ইয়াৎসেনিউক। সেখানে গতকাল তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করেন। তিনি ইউক্রেন সংকটের সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন।

ইউক্রেন নিয়ে পূর্ব ও পশ্চিমের মধ্যে স্নায়ুযুদ্ধ-পরবর্তী সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে। ওবামার সঙ্গে সাক্ষাতের পর ইয়াৎসেনিউক নিউইয়র্কে নিরাপত্তা পরিষদে আজ বৃহস্পতিবার ভাষণ দেবেন।

ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেকসান্দার তারচিনভ বলেন, তাঁর দেশ ক্রিমিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে কোনো ধরনের যুদ্ধে জড়াবে না। তাঁর সেনাবাহিনী শক্তিশালী হওয়া সত্ত্বেও কৃষ্ণসাগর উপদ্বীপটি রুশ বাহিনীর কাছ থেকে দখলে নেওয়ার চেষ্টা কখনোই করবে না।

রুশপন্থী নেতা ভিক্তর ইয়ানুকোভিচকে গত ২২ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত করার পর রাশিয়ার সেনাবাহিনী অভিযান চালিয়ে ইউক্রেনের অধিভুক্ত স্বশাসিত অঞ্চল ক্রিমিয়ার ভূখণ্ড দখল করে নেয়।

যৌথ নৌ-মহড়া: কৃষ্ণসাগরে ক্রিমিয়া উপদ্বীপ অঞ্চলের কাছাকাছি এলাকায় গতকাল থেকে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র, বুলগেরিয়া ও রুমানিয়ার যৌথ নৌ-মহড়া। রাশিয়ার সামরিক বাহিনী ইতিমধ্যে ক্রিমিয়ার কাছ থেকে সেখানকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এই নৌ-মহড়া আগে থেকেই নির্ধারিত ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এএফপি, রয়টার্স ও বিবিসি।