আলোচনায় স্টিভেন্স হত্যা প্রসঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে উত্তাপ বাড়ছে। প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে অনুষ্ঠেয় বিতর্কের আগে উভয় শিবিরে আলোচিত হচ্ছে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কূটনৈতিক দপ্তরে হামলার প্রসঙ্গ। বেনগাজিতে গত ১১ সেপ্টেম্বরের ওই ভয়াবহ হামলায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স এবং যুক্তরাষ্ট্রের আরও তিন নাগরিক নিহত হন। এ ঘটনার ব্যাপারে হোয়াইট হাউসের ব্যাখ্যায় নড়চড় হয়। বিষয়টি নিয়ে বিরোধী রিপাবলিকানরা কড়া সমালোচনা শুরু করেছে। প্রেসিডেন্ট বারাক ওবামা সেই সমালোচনা থেকে দূরে থাকার কৌশল নিয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী মিট রমনির সঙ্গে কাল বুধবার সন্ধ্যায় প্রথম বিতর্কে অংশ নেবেন। সেই প্রস্তুতি নিতে ওবামা এখন অবস্থান করছেন নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে। সেখানকার একটি হোটেলে তিনি দুই দিনব্যাপী কার্যত নিভৃত সময় কাটানোর সিদ্ধান্ত নেন। তাঁর প্রস্তুতিতে সহায়তা করেন কয়েকজন সহকর্মী ও উপদেষ্টারা। জনমত জরিপে অবশ্য সারা দেশ মিলিয়ে তিনি রমনির চেয়ে এগিয়ে রয়েছেন। তবে রিপাবলিকানদের সাম্প্রতিক সমালোচনার মুখে তিনি সতর্কতা অবলম্বনে আগ্রহী বলে বিশ্লেষকেরা মনে করছেন।ইসলামবিরোধী ভিডিওচিত্র প্রকাশের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত গণবিক্ষোভ থেকেই বেনগাজির ওই হামলা হয়েছিল উল্লেখ করে হোয়াইট হাউস থেকে প্রথমে ব্যাখ্যা দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে ওই একই ঘটনাকে সংগঠিত সন্ত্রাসীদের কাজ বলে বর্ণনা করে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর। হামলায় আল-কায়েদার সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও মন্তব্য করা হয়। ঘটনার ব্যাপারে ওবামা প্রশাসনের দুই রকম ব্যাখ্যাকে ‘অদ্ভুত’ বলে সমালোচনা করেন টেনেসি অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর বব কর্কার। বেনগাজির ওই হামলার আগে ঘটনাস্থলের নিরাপত্তাব্যবস্থা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তবে বেনগাজির হামলা নিয়ে রিপাবলিকানরা রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন ডেমোক্রেটিক পার্টির দুই সিনেটর হ্যারি রিড ও জন কেরি।রিপাবলিকান পার্টি মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনির রানিং মেট পল ডি রায়ান অভিযোগ করেন, বেনগাজির হামলার ঘটনায় মার্কিন প্রশাসন ধীর, বিভ্রান্ত ও অসংগতিপূর্ণ ভূমিকা পালন করেছে। অবকাশযাপনের জন্য হোটেলে যাওয়ার আগে ওবামা গত রোববার একটি শোভাযাত্রায় অংশ নেন। রমনিকে মোকাবিলার কৌশল সম্পর্কে সেখানে ওবামাকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘গভর্নর রমনি একজন ভালো বিতার্কিক। তবে আমিও প্রস্তুত।’ নিউইয়র্ক টাইমস।