সিরিয়ায় রক্তপাত বন্ধে চলমান জেনেভা আলোচনাও দুই পক্ষের লড়াইয়ের মাত্রা কমিয়ে আনতে পারেনি। জেনেভা আলোচনা শুরুর পর গত তিন সপ্তাহে সিরিয়ায় চার হাজার ৯৫৯ জন নিহত হয়েছে। এদিকে জেনেভা আলোচনায় গত বুধবারও কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি।
আড়াই বছরের বেশি সময় ধরে সিরিয়ায় সহিংসতা চলছে। তা বন্ধের পথ খুঁজতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় গত ২২ জানুয়ারি জেনেভায় শান্তি আলোচনায় বসে সরকার ও বিদ্রোহী পক্ষের প্রতিনিধিরা। প্রথম পর্বের আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হয় গত সোমবার।
যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, জেনেভায় দুই পক্ষের আলোচনা শুরুর পর থেকে গত তিন সপ্তাহের লড়াইয়ে এ পর্যন্ত চার হাজার ৯৫৯ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের এক-তৃতীয়াংশই বেসামরিক নাগরিক। এসওএইচআর জানায়, তিন সপ্তাহে নিহত ব্যক্তিদের হিসাব বিবেচনায় নিলে ২০১১ সালে সহিংসতা শুরু হওয়ার পর থেকে এই তিন সপ্তাহেই নিহতের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে এসওএইচআরের তথ্য নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।
সিরিয়ার সেনাবাহিনী লেবাননের শিয়া সংগঠন হিজবুল্লাহর সহায়তায় লেবানন সীমান্তে বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে গত বুধবারও বিমান হামলা চালায়। অন্তত ১৩ দফায় চালানো ওই হামলায় হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার জেনেভায় অনুষ্ঠিত সরকার ও বিদ্রোহীদের মুখোমুখি আলোচনার অগ্রগতি সম্পর্কে সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ বলেন, ‘আলোচ্যসূচি থেকে আমরা কোনো কিছুই বাতিল করিনি। একটার পর একটা বিষয় নিয়ে আলোচনা চলবে।’ তবে কোন ইস্যু নিয়ে আগে আলোচনা হবে, তা নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
সিরিয়ার অবরুদ্ধ হোমস শহর থেকে বুধবারও অন্তত ২০০ জন বেসামরিক লোকজনকে বের করে এনেছে জাতিসংঘ ও রেড ক্রিসেন্ট। এ নিয়ে যুদ্ধবিরতির ছয় দিনে হোমস থেকে প্রায় দেড় হাজার মানুষকে উদ্ধার করা হলো। উদ্ধার হওয়া লোকজনের অধিকাংশই নারী, শিশু ও বৃদ্ধ।
বেসামরিক লোকজনকে বের করে আনা ও ত্রাণ সরবরাহ কাজের জন্য দ্বিতীয় পর্যায়ের তিন দিনের যুদ্ধবিরতি গত বুধবার শেষ হয়।
নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রস্তাব: সিরিয়ার অবরুদ্ধ শহরগুলোতে ত্রাণসহায়তা দেওয়ার জন্য প্রবেশপথ ও সিরিয়ায় ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছে রাশিয়া। এএফপি ও রয়টার্স।