আল্লাহর কাছে কৃতজ্ঞ আমি মরিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালালার আত্মজীবনীর প্রচ্ছদ
মালালার আত্মজীবনীর প্রচ্ছদ

মালালা যুক্তরাজ্যের হাসপাতালে প্রথমবার জ্ঞান ফিরে পাওয়ার পর যে কথাটি ভেবেছিল তা হলো, ‘আল্লাহর কাছে কৃতজ্ঞ, আমি মরিনি।’ আত্মজীবনীতে এ কথা লিখেছে তালেবানের হামলার শিকার পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই।
যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকা নারীশিক্ষা আন্দোলনের এই আলোচিত কর্মীর আত্মজীবনীর অংশবিশেষ প্রকাশ করেছে।
আই অ্যাম মালালা নামের বইটিতে মালালা লিখেছে, ছয় দিন অচেতন (কোমা) থাকার পর জেগে ওঠে তার কিছুই মনে পড়ছিল না, এমনকি নিজের নামটাও নয়। তালেবান এক জঙ্গি যে তাকে গুলি করেছিল, তারও প্রায় কিছুই মনে ছিল না। শেষ যে স্মৃতি তার মনে পড়ছিল, তা হচ্ছে ২০১২ সালের ৯ অক্টোবর (গুলিবিদ্ধ হওয়ার দিন) স্কুলবাসে বন্ধুদের সঙ্গে বসে থাকার কথা। পরে বন্ধুরা তাকে বলেছে, মুখোশধারী এক লোক বন্দুক হাতে বাসে উঠে জিজ্ঞেস করেছিল, ‘মালালা কে?’ এবং এরপরই লোকটি বন্দুক তুলে তার মাথায় গুলি করে।
মালালা লিখেছে, ‘গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর ১৬ অক্টোবর আমি জেগে উঠি। প্রথম যে কথাটি আমি চিন্তা করি তা হলো, আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমি মরিনি। কিন্তু আমি বুঝতে পারছিলাম না ঠিক কোথায় আছি। বুঝতে পারছিলাম, এটা আমার নিজের দেশ নয়। মনে অনেক প্রশ্ন জাগছিল, আমি কোথায় আছি? আমার মা-বাবা কোথায়? ভয় পেয়ে গিয়েছিলাম। তবে একটি বিষয় জানতাম যে আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন।’
মালালা আরও লিখেছে, ঘাড়ের কাছে একটি টিউব থাকায় তখন সে ইচ্ছা হলেও কথা বলতে পারছিল না। প্রত্যেকের দুটি করে নাক ও চারটি করে চোখ দেখতে পাচ্ছিল।
মালালা লিখেছে, যুক্তরাজ্যে মাস্টারশেফ নামের একটি টেলিভিশন অনুষ্ঠান তার ভালো লেগেছে। তবে মেয়েদের স্বল্পপোশাকে উপস্থাপন করায় বেন্ড ইট লাইক বেকহ্যাম ছবিটি তার অপছন্দ হয়েছে। এএফপি।