প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার হুমকির জন্য ভারত সরকার দেশজুড়ে সতর্কতা জারি করলেও মার্কিন বিশ্লেষক পিটার বার্গেনের দাবি, ভারতে আল-কায়েদার উপস্থিতির প্রমাণ নেই। খবর পিটিআইয়ের।
মার্কিন সন্ত্রাসবাদবিরোধী বিশ্লেষক ও দক্ষিণ এশিয়ায় আল-কায়েদার বিস্তার বিষয়ে কাজ করা বার্গেন গত শনিবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেন।
আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরি গত সপ্তাহে এক ভিডিওবার্তায় ঘোষণা করেন, ভারত উপমহাদেশে তাঁরা সংগঠনটির শাখা খুলছেন। এরপর ভারত সরকার দেশজুড়ে সতর্কতা জারি করে।
বার্গেনের মতে, এটা জাওয়াহিরির একটা কৌশল হতে পারে। তিনি চান, বিশ্বজুড়ে মানুষ আল-কায়েদাকে নিয়ে আলোচনা করুক।