আশারাম বাপু যৌন নির্যাতনে সক্ষম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়া আধ্যাত্মিক গুরু আশারাম বাপুর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। তিনি দাবি করেছিলেন, যৌন নির্যাতন করার মতো শারীরিকভাবে সক্ষম নন তিনি। তবে পরীক্ষায় তাঁর শারীরিক সক্ষমতা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৭২ বছর বয়সী গুরু আশারাম একটি আশ্রম পরিচালনা করেন। তাঁর আশ্রমের আওতায় দেশ-বিদেশে ৩৫০টি আধ্যাত্মিক আশ্রম রয়েছে। গত ১৫ আগস্ট রাজস্থান রাজ্যের যোধপুরে আশারামের আশ্রমে উপাসনায় ওই কিশোরী এবং তার বাবা-মা অংশ নেন। গুরু আশারাম একপর্যায়ে মেয়েটিকে কৌশলে তাঁর কক্ষে নিয়ে যৌন নির্যাতন করেন। ঘটনার দুই দিন পর কিশোরী তার বাবা-মাকে বিষয়টি বলে। গত শনিবার মধ্যরাতে আশারামকে গ্রেপ্তার করা হয়।
যোধপুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোসেফ জানান, আশারামকে যৌন নির্যাতনের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আশারাম পুলিশের কাছে দাবি করেছিলেন, তিনি শারীরিকভাবে সক্ষম নন। এরপর ডাক্তারি পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, তিনি যৌন হয়রানি বা ধর্ষণের মতো অপরাধ করতে শারীরিকভাবে সক্ষম।
আশারাম তাঁর দাবির সপক্ষে কোনো শক্ত প্রমাণ হাজির করতে পারেননি উল্লেখ করে পুলিশ কর্মকর্তা জোসেফ বলেন, ‘আমরা তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ করেছি। আরও কিছু বিষয় খতিয়ে দেখা হবে। এ জন্য আরও সময় লাগবে।’ টাইমস অব ইন্ডিয়া।