আসছে কেট ও উইলিয়ামের বার্বি ডল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের স্মৃতি ধরে রাখতে কে না চায়। এ চেষ্টার সফল রূপ দিতে অনেক নবদম্পতিই বিয়ের ছবি বাঁধিয়ে টাঙিয়ে রাখেন। তবে ব্রিটিশ রাজসিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটনকে কেবল ফ্রেমেই বাঁধা পড়ে থাকতে হবে না। এই দম্পতির প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে বাজারে আসছে তাঁদের বিয়ের সময়ের সাজসজ্জা নিয়ে তাঁদেরই আদলে তৈরি বার্বি ডল (পুতুল)। শিগগিরই এগুলো বিলাসবহুল বিপণিবিতানে শোভা পেতে যাচ্ছে বলে জানিয়েছে এ পুতুলের নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেল।প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানান, উইলিয়াম-কেটের প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে তৈরি এ পুতুল আগামী এপ্রিলে সহজলভ্য হবে। বিয়ের দিন জাঁকজমকপূর্ণ যেসব পোশাকে তাঁরা ছিলেন, তেমন পোশাকে সাজানো হবে এ পুতুল। কেট নামের পুতুলের পরনে থাকবে আলেকজান্ডার ম্যাককুইনের নকশা করা রাজবধূর বিয়ের গাউনের ক্ষুদ্র সংস্করণ, মুখে থাকবে দীপ্তিমান হাসি। অন্যদিকে, উইলিয়াম নামের পুতুলের বৈশিষ্ট্য হবে যুবরাজের লাল রঙের সামরিক জ্যাকেটের আদলে তৈরি পোশাক ও মাথাভর্তি চুল। অতি আগ্রহী সংগ্রাহকেরা কেট ও উইলিয়ামের বার্বি ডলের আগাম অর্ডারও দিতে পারবেন। এ জন্য প্রতি জোড়ায় তাঁদের গুনতে হবে প্রায় ১৩ হাজার টাকা (১৫৭ ডলার)।গত ২৯ এপ্রিল লন্ডনে চোখ ধাঁধানো আয়োজনে বিয়ে হয় কেট ও উইলিয়ামের। প্রিন্স উইলিয়াম বর্তমানে ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনাকারী বিমানের পাইলট হিসেবে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে কর্মরত আছেন। তবে এই ব্যস্ততার মধ্যেও তিনি স্ত্রী কেটকে ভালোবাসা দিবসের উপহার হিসেবে কার্ড ও ফুল পাঠাতে ভোলেননি। এএফপি।