আসছে নতুন ১০০ ডলারের নোট
মার্কিন ১০০ ডলারের নোটে পরিবর্তন আসছে। নতুন আদলে আগামী বছরের শুরুতেই বাজারে আসবে ১০০ ডলারের নোট। জালিয়াত চক্রের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রযুক্তিগত ব্যাপক পরিবর্তন আসছে নতুন ১০০ ডলারের নোটে। ত্রিমাত্রিক প্রযুক্তিতে ছাপানো এ নোটটি জাল করা অসম্ভব বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অর্থ দপ্তর গত বুধবার জানিয়েছে, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসেই ১০০ ডলারের নতুন নোট ছাড়া হবে। মার্কিন ১০০ ডলারের নোটে বহু চেনা ছবি প্রেসিডেন্ট বেঞ্জামিন ফ্রাংকলিনের আদল অপরিবর্তিত থাকবে। নতুন ডিজাইনের নোটে তিন প্রস্থের নিরাপত্তা-সুতা থাকবে। নোটটি নাড়াচাড়া করলে ত্রিমাত্রিক জলছাপগুলো দেখা যাবে ভিন্ন ভিন্নভাবে। নতুন ১০০ ডলারের নোটটি পুরো চালু না হওয়া পর্যন্ত পুরোনো নোটও চালু থাকবে। অর্থ বিভাগ জানিয়েছে, ক্রমান্বয়ে বাতিল হয়ে যাবে পুরোনো ১০০ ডলারের নোট। মার্কিন অর্থমন্ত্রী টিমোথি গেইথনার বলেছেন, জালিয়াতি প্রতিরোধের জন্য সর্বশেষ প্রযুক্তি ধারণ করে নতুন ১০০ ডলারের নোট ছাপা হচ্ছে। সারা বিশ্বে সবচেয়ে বেশি জাল হয়ে থাকে মার্কিন ডলার। বিশ্বের প্রভাবশালী এই মুদ্রার ১০০ ডলারের নোটই বেশি জাল হয়। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বেশি জাল হয় ২০ ডলারের নোট। ১০০ ডলারের মোট নোটের দুই-তৃতীয়াংশ জাল হয় যুক্তরাষ্ট্রের বাইরে। মার্কিন গোয়েন্দা তথ্যমতে, সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া থেকেই সবচেয়ে বেশি ১০০ ডলারের নকল নোট বিশ্ববাজারে ছাড়া হয়েছে। জালিয়াতি প্রতিরোধের জন্য প্রতি ১০ বছর পরপরই মার্কিন ডলারের আদল পরিবর্তন করা হচ্ছে। ১০০ ডলারের নোটে সর্বশেষ পরিবর্তন ঘটেছিল ১৯৯৬ সালে।