আসছে ন্যানোর চেয়ে সস্তা গাড়ি নমো
ভারতের টাটা গোষ্ঠী সস্তার গাড়ি ন্যানো ছেড়ে কিস্তিমাত করেছিল। এবার ন্যানোকে টেক্কা দিতে বাজারে আসছে নমো গাড়ি।
এই নমো গাড়ির নামের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামের (নমো) কোনো সম্পর্ক নেই। এই নমো হলো ‘ন্যানো উইথ মিনিমাম অয়েল কনজামশন’। পাঁচ সিটের এই গাড়ি এক লিটার তেলে ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। সবচেয়ে কম জ্বালানি খরচ হবে এই গাড়িতে। এটি উত্পাদন করতে খরচ হয়েছে এক লাখ ২৫ হাজার রুপি।
এই গাড়িটি যৌথভাবে বানিয়েছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দুর্গাপুরের সনকা এডুকেশন ট্রাস্ট ও ভারত সরকারের গবেষণা সংস্থা সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। সনকা এডুকেশন ট্রাস্ট উদ্ভাবন নিয়ে কাজ করে। এই ট্রাস্টের ২৫ জন ছাত্র গবেষণা করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চের সহযোগিতায় নির্মাণ করেছে নমো গাড়ি।
সনকা এডুকেশন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট পার্থ গোবি জানিয়েছেন, ইতিমধ্যে তাঁরা এই গাড়ির পেটেন্ট স্বত্ব পেয়েছেন। আগামী সপ্তাহে তাঁরা যুক্তরাষ্ট্রে পেটেন্টের জন্য দেন দরবার করবেন। এর পরই বড় একটি গাড়ি নির্মাণ সংস্থার সঙ্গে চুক্তি করে নমো গাড়ি উত্পাদন করা হবে।