আসছে ব্যতিক্রমী কন্ট্যাক্ট লেন্স
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এমন বিশেষ এক ধরনের কন্ট্যাক্ট লেন্স সংগ্রহ করতে যাচ্ছে, যা দিয়ে একই সঙ্গে দুটি বস্তুর ওপর দৃষ্টি নিবদ্ধ করা যাবে। নতুন এই প্রযুক্তি, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে সেনাদের দৃষ্টিশক্তির সক্ষমতাকে বাড়িয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।আই অপটিক নামে এ পদ্ধতির নির্মাতা প্রতিষ্ঠান ইনোভেগা জানিয়েছে, কাজ করতে সক্ষম এ ধরনের একটি কন্ট্যাক্ট লেন্সের নমুনা পাঠানোর বিষয়ে চলতি সপ্তাহের শুরুতে পেন্টাগনের সঙ্গে তাদের চুক্তি হয়েছে।নতুন এই কন্ট্যাক্ট লেন্স ব্যবহারকারীদের একই সময়ে দুটি পৃথক বস্তুর ওপর দৃষ্টি নিবদ্ধ করার সুযোগ করে দেবে। এ দুটি চিত্র হচ্ছে প্রথমত, চশমার লেন্সের ওপর প্রতিফলিত তথ্য এবং দ্বিতীয়ত, ওই লেন্সের ভেতর দিয়ে দেখা যাওয়া অপেক্ষাকৃত দূরের দৃশ্য। স্বাভাবিকভাবে কাছে ও দূরের বস্তু এভাবে একই সঙ্গে পরিষ্কার করে দেখা চোখের পক্ষে সম্ভব নয়। নতুন এ পদ্ধতিতে এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হবে। পৃথক দুটি ফিল্টার ব্যবহারের মাধ্যমে এ কাজ সম্ভব করা হয়েছে। এ কারণে এটিকে বলা হচ্ছে ‘ডুয়াল-ফোকাস’ বা ‘মাল্টিফোকাল’ লেন্স।ইনোভেগার প্রধান নির্বাহী স্টিভ উইলি বলেন, তিনি আশা করেন একদিন সাধারণ মানুষের প্রয়োজনে এ উদ্ভাবন কাজে লাগানো যাবে। ত্রিমাত্রিক চলচ্চিত্র দেখা ও ভিডিও গেম খেলে আরও বাস্তবানুগ অনুভূতি পাওয়ার জন্য এ লেন্স ব্যবহার করা যেতে পারে। স্টিভ উইলি আরও বলেন, নিয়ম অনুযায়ী লেন্সগুলো এখনো মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদনের জন্য পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। তবে ২০১৪ সালের শেষ নাগাদ এটি সাধারণের ব্যবহারের জন্য তৈরি হতে পারে বলে ইনোভেগা আশা করছে। বিবিসি।