আসছে বড়দের জন্য রাউলিংয়ের প্রথম উপন্যাস
কিশোর কল্পকাহিনি হ্যারি পটার সিরিজের নাম কে না জানে। বিগত এক দশকেরও বেশি সময় ধরে পুরো বিশ্বকে মাতিয়ে রাখা সেই অনন্য সৃষ্টির স্রষ্টা জে কে রাউলিং এবার প্রকাশ করতে যাচ্ছেন পূর্ণবয়স্ক ব্যক্তিদের জন্য প্রথম উপন্যাস। এর নাম ‘দ্য ক্যাজুয়াল ভ্যাকেন্সি’।হ্যারি পটার সিরিজের মাধ্যমে কোটিপতি বনে যাওয়া লেখিকা রাউলিং জানিয়েছেন, চলতি বছরের ২৭ সেপ্টেম্বর তাঁর নতুন উপন্যাস বিশ্বব্যাপী একযোগে প্রকাশিত হবে। মুদ্রিত সংস্করণ ছাড়াও এটি ইন্টারনেটে ই-বুক ও অডিও ডাউনলোড সংস্করণ এবং সিডি আকারে পাওয়া যাবে।জে কে রাউলিংয়ের অনবদ্য সৃষ্টি হ্যারি পটার সিরিজের সাতটি বই ঘিরে তৈরি হয়েছে আটটি চলচ্চিত্র। হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোজ দ্বিতীয় পর্ব ছবির মাধ্যমে শেষ হয় তাঁর পটার সিরিজ। সেই রেশ কাটেনি এখনো। ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও তিনি ইতি টানেন পটার সিরিজের।তবে নতুন উপন্যাসটির প্রেক্ষাপট হবে সম্পূর্ণ ভিন্ন। একেবারে ভিন্ন কিছু। লেখিকা রাউলিং এমনটিই ঘোষণা দিয়েছিলেন গত ফেব্রুয়ারিতে। ওই ঘোষণার পর অধীর আগ্রহে থাকা ভক্তদের কাছ থেকে লাখো চিঠি এসেছে তাঁর স্কটল্যান্ডের বাড়িতে। সবারই জানার আগ্রহ, নতুন উপন্যাসের বিষয়বস্তু কী, আর কত দিন লাগবে শেষ করতে, নাম কী হবে ইত্যাদি।ভক্তদের তর সইছে না দেখতে পেরে রাউলিং অবশেষে এসব প্রশ্নের উত্তর দিলেন। নতুন উপন্যাসটির কাহিনি সংক্ষেপও প্রকাশ করা হয়েছে।