আসছে ১৭তম অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬ সন্তানসহ র্যাডফোর্ড দম্পতি
১৬ সন্তানসহ র্যাডফোর্ড দম্পতি

স্যু র‌্যাডফোর্ড (৩৮) ও নোয়েল র‌্যাডফোর্ডের (৪১) ২৫ বছরের দাম্পত্য জীবন। এরই মধ্যে ১৬টি সন্তান জন্ম দিয়েছেন এই দম্পতি। এবার আসছে ১৭তম সন্তান। ইতিমধ্যে যুক্তরাজ্যের সবচেয়ে বড় পরিবারের তকমা পাওয়া র‌্যাডফোর্ড দম্পতি স্বভাবতই উচ্ছ্বসিত।
র‌্যাডফোর্ড দম্পতির বসবাস যুক্তরাজ্যের ল্যাঙ্কাশায়ারে। স্যু এখন ‘সুপার মা’ নামে পরিচিত। তিনি প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন মাত্র ১৪ বছর বয়সে। পরিবারটি প্রথম আলোচনায় আসে ২০১১ সালে। তখন পরিবারটিকে নিয়ে ‘১৫ কিডস অ্যান্ড কাউন্টিং’ নামে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছিল চ্যানেল ফোর। এরপর গত বছরের অক্টোবর মাসে সু ও নোয়েল দম্পতির ঘরে আসে তাঁদের ১৬তম সন্তান ক্যাসপার।
হিসাব করে দেখা গেছে, ২৩ বছরে গড়ে প্রতি ১৭ মাসে একটি করে সন্তান এসেছে স্যু ও নোয়েল দম্পতির পরিবারে। তাঁদের ১৬টি সন্তানের মধ্যে নয়টি ছেলে ও সাতটি মেয়ে।
১৭তম সন্তান আসার খবর স্যু নিজেই জানিয়েছেন। তিনি তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি, র‌্যাডফোর্ড পরিবারে ১৭তম শিশু যোগ হতে যাচ্ছে।’ আগামী বছরের এপ্রিলে সন্তানটি জন্ম নেবে। তবে ছেলে না মেয়ে হবে, সে সম্পর্কে এখনো কিছুই জানে না র‌্যাডফোর্ড দম্পতি।
পরিবারটি নয় কক্ষের একটি বাড়িতে থাকে। বাইরে কোথাও ঘুরতে গেলে ব্যবহার করে একটা মিনিবাস। তাঁদের একজন পারিবারিক বন্ধু জানান, পরিবারটি অত্যন্ত সুখী। সন্তানদের আচরণ চমৎকার। স্যু ও নোয়েল অসাধারণ পিতা-মাতা। পিটিআই।