
যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী এবং মধ্যপন্থী রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা নিক ক্লেগ পার্লামেন্টে তাঁর আসন ধরে রাখার জন্য লড়াই করছেন। এবারের নির্বাচনে জয়ের ওপর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। খবর এএফপির।
২০১০ সালের নির্বাচনে প্রতি চারটি ভোটের প্রায় একটি পেয়েছিল লিবারেল ডেমোক্র্যাটরা। তবে এর পর থেকে তাদের প্রতি জনসমর্থন দ্রুত কমেছে। সেবার দলটি ডেভিড ক্যামেরনের মধ্য-ডানপন্থী কনজারভেটিভ পার্টির সঙ্গে জোট সরকার গঠন করে। ১৯৪৫ সালের পর লিবারেল ডেমোক্র্যাটরা এই প্রথম ক্ষমতায় আসে। সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী নিক ক্লেগ ও তাঁর দলের প্রতি প্রায় আট শতাংশ জনসমর্থন রয়েছে।
একাধিক ভাষায় দক্ষ ক্লেগ একসময় ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা ছিলেন। উত্তর ইংল্যান্ডের শেফিল্ড হ্যালাম আসন থেকে তিনি পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। সেখানে গত মাসের এক জনমত জরিপ অনুযায়ী তাঁর চেয়ে এগিয়ে রয়েছেন মধ্য-বামপন্থী দল লেবার পার্টির প্রার্থী। যুক্তরাজ্যজুড়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির যে ৫৭টি আসন রয়েছে, তার তিন ভাগের এক ভাগেই এবার তাদের হেরে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জরিপের ফল ও পর্যবেক্ষকদের বক্তব্য অনুযায়ী আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে কোনো দলেরই সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হওয়ার সম্ভাবনা নেই। তাই লিবারেল ডেমোক্র্যাটদের হয়তো জোট সরকার গঠন করতে হবে ডেডিভ ক্যামেরনের কনজারভেটিভ পার্টি অথবা এড মিলিব্যান্ডের লেবার পার্টির সঙ্গে। ৪৮ বছর বয়সী ক্লেগ বলেছেন, যে দলই বিজয়ী হোক—তিনি তাদের সঙ্গে আলোচনা করার পর জোট গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এ আলোচনায় গুরুত্ব পাবে স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় এবং সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির মতো বিষয়গুলো।
নির্বাচনী প্রচারের সময় এক ভাষণে নিক ক্লেগ বলেন, দেশকে ডানে অথবা বামে ঠেলে দেওয়ার ঝুঁকি নিতে না চাইলে একটাই উপায় আছে। আর সেটা হলো, লিবারেল ডেমোক্র্যাটদের ভোট দেওয়া।
ঐতিহ্যগতভাবে যুক্তরাজ্যের তৃতীয় শক্তিশালী রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রিন পার্টি, অভিবাসনবিরোধী ইউকে ইন্ডিপেনডেন্স পার্টি এবং স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির মতো বিকল্প দলগুলোর উত্থানের কারণে। কিন্তু ক্লেগের সুনাম নষ্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী বিষয়টি হলো, জোট সরকারে যোগ দিয়েও বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ না বাড়ানোর প্রতিশ্রুতি রক্ষা করতে না পারা।