আসমা জাহাঙ্গীর পাকিস্তান সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের মানবাধিকারকর্মী ও প্রগতিশীল আইনজীবী আসমা জাহাঙ্গীর সে দেশের সুপ্রিম কোর্ট বার সমিতির (এসসিবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। এসসিবিএর ইতিহাসে এই প্রথম কোনো নারী সভাপতি নির্বাচিত হলেন। গত বুধবার এ তীব্র প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ ওয়াইসকে ৩৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন। বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তান সুপ্রিম কোর্ট বার সমিতির সাম্প্রতিক ইতিহাসে এমন প্রতিদ্বন্দ্বিতা আর হয়নি। দেশের সুপ্রিম কোর্ট বার সমিতির নির্বাচনে আসমা জাহাঙ্গীরের এ অভূতপূর্ব সাফল্যকে প্রগতিশীল মহল দ্বৈত বিজয় হিসেবে চিহ্নিত করছে। বিশ্লেষকদের মতে, এটা একদিকে যেমন প্রগতিশীল শক্তির জয়; অন্যদিকে নারী অধিকারেরও বিজয়। নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, আসমা জাহাঙ্গীর পেয়েছেন ৮৩৪ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ ওয়াইস পেয়েছেন ৭৯৬ ভোট। দেশব্যাপী পাকিস্তান সুপ্রিম কোর্ট বার সমিতির দুই হাজার ১৭ জন সদস্যের মধ্যে এক হাজার ৭০০ জনের বেশি সদস্য এ নির্বাচনে ভোট দিয়েছেন। ডন।