পাকিস্তানের খ্যাতিমান মানবাধিকার-কর্মী আসমা জাহাঙ্গীরকে ভারত সফরকালে হত্যার ষড়যন্ত্র করেছিলেন ইসলামাবাদের গোয়েন্দারা। অবশ্য আসমা জেনে যাওয়ায় ওই ষড়যন্ত্র ভেস্তে যায়। এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে।
পাকিস্তানের এই মানবাধিকার-কর্মীকে হত্যার ষড়যন্ত্র-সংক্রান্ত মার্কিন গোয়েন্দাদের তৈরি করা প্রতিবেদন ওয়াশিংটন পোস্টকে সরবরাহ করেছেন স্নোডেন। পত্রিকাটির খবরে বলা হয়, মার্কিন গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, পাকিস্তানের জ্যেষ্ঠ সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা দীর্ঘ দিন ধরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে আসছেন। দেশটিতে, বিশেষ করে সন্দেহভাজন জঙ্গিরা এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়।
২০১১ সালের জুলাইতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) পাকিস্তানের জ্যেষ্ঠ সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে। এতে আগের অন্তত ১৬ মাসের ঘটনাবলির পর্যালোচনা করা হয়। বিচার-বিশ্লেষণ শেষে এনএসএ নিশ্চিত হয়, এ সময়ের মধ্যে জ্যেষ্ঠ সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের অংশগ্রহণে বা তাঁদের জ্ঞাতসারেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে।
নয়াদিল্লি অভিযোগ করছে, পাকিস্তানের গোয়েন্দাদের সহযোগিতায় জঙ্গিরা ভারতের সীমান্তে ও অভ্যন্তরে হামলা চালাচ্ছে। তবে ইসলামাবাদ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের অভিযোগ, পাকিস্তানে লোকচক্ষুর আড়ালে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। ২০০৯ সালের সেপ্টেম্বরে ইসলামাবাদে মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো এক বার্তায় পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। সেনা কর্মকর্তারা সন্দেহভাজন জঙ্গিদের ওপর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছেন বলে ওই বার্তায় উল্লেখ করা হয়।
বার্তায় আরও বলা হয়, সেনাবাহিনীকে সমর্থন দেওয়ার বদলে তাদের এসব হত্যাকাণ্ডের খবর জনসমক্ষে প্রকাশ করা জরুরি। পাকিস্তানকে মিত্র বলে প্রচারণা চালিয়ে এলেও ১৭৮ পৃষ্ঠার গোয়েন্দা প্রতিবেদনে দেশটির ‘সন্ত্রাসবাদ ও পারমাণবিক অস্ত্রের বিস্তার’ বিষয়ে নজর দেয় যুক্তরাষ্ট্র। গত এক যুগে ইসলামাবাদকে দুই হাজার ৬০০ কোটি ডলার সহায়তা দেয় ওয়াশিংটন।
মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্নোডেনের ফাঁস করা গোপন নথি থেকে স্পষ্ট হয়, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভান্ডার ও নিরাপত্তা-সংক্রান্ত তথ্য সংগ্রহে ওয়াশিংটন বিপুল পরিমাণ অর্থ ও শক্তি ব্যয় করছে। মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, জঙ্গিরা পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ নিতে পারে, কিংবা সেনাবাহিনীর শীর্ষ পদে জঙ্গিরা ঢুকে পড়তে পারে। টাইমস অব ইন্ডিয়া।