আসাদ-সমর্থক ও বিরোধীদের মধ্যে লেবাননে সংঘর্ষ ১০ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক ও বিরোধীদের মধ্যে দুদিনের বন্দুকযুদ্ধে উত্তর লেবাননে অন্তত ১০ জন নিহত হয়েছে। লেবাননের বন্দর নগর ত্রিপোলিতে ওই সংঘর্ষের ঘটনায় ১১ সেনাসহ ৪৯ জন আহত হয়েছেন। নিরাপত্তা সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।
বন্দর নগর ত্রিপোলি লেবাননের অন্যতম জাতিগত সংঘাতপ্রবণ এলাকারগুলোর একটি। এই শহরে সুন্নি সম্প্রদায়ের লোকজন সংখ্যাগরিষ্ঠ। তবে সেখানে মধ্যপ্রাচ্যের জাতি-গোষ্ঠী আলাওয়াইত সম্প্রদায়ের কিছু মানুষও বসবাস করে। সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এই সম্প্রদায়েরই মানুষ। এই শহরের সুন্নিরা আবার আসাদের প্রচণ্ড বিরোধী।
ত্রিপোলির জাবাল মুহসিন এলাকার আলাওয়াইত গোষ্ঠীর লোকজন গত সপ্তাহে প্রেসিডেন্ট আসাদের সমর্থনে সিরিয়ার পতাকা ওড়ানো শুরু করে। এ ঘটনা নিয়ে সেখানে উত্তেজনা বাড়তে থাকে। এর জবাবে পার্শ্ববর্তী বাব আল-তাব্বানার লোকজন সিরিয়ার বিদ্রোহীদের সমর্থনে পতাকা উড়িয়ে দেয়। শনিবার সংঘর্ষ ছড়িয়ে পড়লে ছয়জন নিহত হয়। সংঘর্ষ রাত পর্যন্ত চলে। পরদিন রোববার গুলিতে একজন সেনাসহ চারজন নিহত হন। বিবিসি।