প্রথমবারের মতো বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান থেকে বোমাবর্ষণ
আসাদ সরে গেলে অন্তর্বর্তী সরকারে রাজি বিদ্রোহীরা
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পদত্যাগ করে বর্তমান সরকারেরই কারও অধীনে অন্তর্বর্তীকালীন সরকার হলে তা মেনে নেবে বিদ্রোহীরা। বিদ্রোহীদের গঠিত সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের (এসএনসি) একজন মুখপাত্র গতকাল মঙ্গলবার এ কথা জানান।এদিকে বিদ্রোহীদের দমনে গতকাল প্রথমবারের মতো বিমান থেকে বোমা ফেলেছে সরকারি বাহিনী।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সতর্ক করে দিয়ে বলেছেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার করা হলে তা হবে ‘বেদনাদায়ক ভুল’। এটা করলে তাঁকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জবাবদিহি করতে হবে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ মাকদিসি গত সোমবার দাবি করেন, সরকারের হাতে গণবিধ্বংসী রাসায়নিক অস্ত্র রয়েছে। তিনি বলেন, বাইরের কোনো শক্তি সিরিয়ায় আগ্রাসন চালালে সেই অস্ত্র ব্যবহার করা হবে। তবে সিরিয়ার জনগণের প্রতি এই অস্ত্র ব্যবহার করা হবে না।প্রায় এক সপ্তাহ কঠিন লড়াইয়ের পর বাশার বাহিনী রাজধানী দামেস্কের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণে রাখার দাবি করেছে। তবে সিরিয়ার দ্বিতীয় বড় শহর আলেপ্পোয় সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে। গতকাল আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এ ছাড়া গতকাল দেশটি জুড়ে দুই পক্ষে তুমুল লড়াই হয়েছে। নিহত হয়েছে ৩৩ জন।এসএনসির মুখপাত্র জর্জ সাবরা গতকাল বলেন, ‘বাশার পদত্যাগ করলে তাঁর সরকারেরই কারও অধীনে অন্তর্বর্তীকালীন সরকার হলে আমরা মেনে নেব। ওই সরকার ইয়েমেনের মতো অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবে।’যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে গত সোমবার এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ওবামা বলেন, তাঁর আশা, বাশার বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহারের মতো ভুল সিদ্ধান্ত নেবে না। তিনি বলেন, ‘আমরা বাশার ও তাঁর ঘনিষ্ঠদের খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছি। প্রেসিডেন্ট বাশার এমন ভুল করলে তাঁকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জবাবদিহি করতে হবে।’রাসায়নিক অস্ত্র ব্যবহারের হুমকির পর এসএনসির নেতা আবদেল বাসেত সাইদা বলেন, যে সরকার শিশুদের হত্যা করে, নারীদের ধর্ষণ করে, তার পক্ষে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা কোনো বিষয় নয়। তারা এটা করতে পারে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, রাসায়নিক অস্ত্রের ব্যবহার মেনে নেওয়া যায় না। এ অস্ত্রের ব্যবহার না করার বাধ্যবাধকতা সব দেশকে মেনে চলতে হবে।ইসরায়েল সিরিয়ার প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সিরিয়ার এই অস্ত্রের কোনো সুবিধা লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী পেলে ইসরায়েল সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেবে। এএফপি ও রয়টার্স।