সিরিয়া নিয়ে মস্কোর নীতিতে পরিবর্তন হয়নি: রাশিয়া
আসাদকে অবশ্যই চলে যেতে হবে: যুক্তরাষ্ট্র ও ফ্রান্স
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অবশ্যই চলে যেতে হবে। ভবিষ্যৎ সিরিয়ায় তাঁর কোনো স্থান নেই। দেশটিতে বিদ্রোহী জোটের অবস্থান ক্রমেই জোরদার হওয়া এবং জনগণের বৈধ প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই জোটকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার মধ্যে হোয়াইট হাউস গত বৃহস্পতিবার এ মন্তব্য করেছে। একই মন্তব্য করেছে ফ্রান্সও। আর পাকিস্তান নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় সিরিয়া থেকে তার সব দূতাবাসকর্মী প্রত্যাহার করে নিয়েছে।তা ছাড়া যুক্তরাষ্ট্র ও সিরীয় বিদ্রোহীরা প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করে দেশটিতে চলমান রক্তপাত বন্ধে সহায়তা করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে কারনি বৃহস্পতিবার তাঁর নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমরা এ ব্যাপারে পরিষ্কারভাবে একমত, আগামী দিনের সিরিয়ায় প্রেসিডেন্ট বাশারের কোনো ঠাঁই নেই। গণমাধ্যমের মতো আমরাও বলেছি, দেশটির বিদ্রোহীরা অগ্রগতি লাভ করছে। আমরা এখনো মনে করি, জনগণের স্বার্থে আসাদকে এখনই সরে দাঁড়াতে হবে।’ কেননা, তাঁর নিষ্ঠুরতায় সিরীয় জনগণ, তাঁদের জীবন ও সম্পদের এতটাই ক্ষতি হয়েছে, যা ভয়াবহ। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ গতকাল শুক্রবার বলেছেন, ‘প্রেসিডেন্ট বাশার বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে দুর্বল হয়ে পড়ছেন। তাঁকে যত শিগগির সম্ভব চলে যেতে হবে।’ সিরীয় সংঘাত নিয়ে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের এক বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় গতকাল তিনি এ কথা বলেন।রাশিয়ার অবস্থান পরিবর্তনের কথা অস্বীকার: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বলেছে, সিরিয়া নিয়ে মস্কোর অবস্থানের পরিবর্তন হয়নি। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ সম্প্রতি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ওপর ক্রেমলিনের উপদেষ্টামণ্ডলীর আলোচনায় সিরিয়া নিয়ে যে মন্তব্য করেন, সেখানে দেশটির বিদ্রোহী ও তাঁদের বিদেশি মিত্রদের দাবির কথাই কেবল তুলে ধরেন। বোগদানভ সিরিয়া নিয়ে গত কয়েক দিন কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। বৃহস্পতিবার উপপররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, আসাদের বিরুদ্ধে লড়াইয়ে বিরোধীরা জয়ী হতে পারে। গণমাধ্যমের এ খবরের মাধ্যমে সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া এই প্রথমবারের মতো আসাদের অবস্থান দুর্বল হয়ে আসার বিষয়টি স্বীকার করে নিয়েছে বলে ধারণা করা হয়। দূতাবাসকর্মী প্রত্যাহার: ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে সিরিয়া থেকে দূতাবাসকর্মী সরিয়ে নিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানায়। মন্ত্রণালয়ের মুখপাত্র মোয়াজ্জেম আহমেদ খান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সিরিয়া থেকে আমরা আমাদের রাষ্ট্রদূত ও অন্য কূটনৈতিক কর্মীদের সাময়িকভাবে প্রত্যাহার করেছি।’ বিবিসি, এএফপি ও পিটিআই।