সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে আগামী জানুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় শান্তি সম্মেলন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বা উগ্রপন্থী বিরোধী গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের ছাড়াই অনুষ্ঠিত হবে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ফ্যাবিয়াস এক ফরাসি বেতার চ্যানেলকে বলেন, সিরিয়া নিয়ে অলস সময় কাটানোর মতো কোনো আলোচনা করা জেনেভা-২ সম্মেলনের লক্ষ্য নয়। এটি হবে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রেসিডেন্ট আসাদ ব্যতীত দেশটির প্রতিনিধি এবং মধ্যপন্থী বিরোধীদের মধ্যে পারস্পরিক সমঝোতার একটি আলোচনা।
সিরিয়ার বহুধাবিভক্ত বিদ্রোহীদের মধ্যকার জঙ্গিদের দিকে ইঙ্গিত করে ফ্যাবিয়াস আরও বলেন, এটা খুবই কঠিন। কিন্তু এটাই একমাত্র সমাধান।
দীর্ঘ বিলম্বের পর সোমবার জাতিসংঘের মহাসচিব ঘোষণা করেন, ২২ জানুয়ারি জেনেভা-২ নামের ওই শান্তি সম্মেলন হবে। সেদিনই এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া জোরালো সমর্থন জানায়। এর এক দিন পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য দিলেন।
সিরীয় সংকট সমাধানে কয়েক মাস ধরেই এ সম্মেলন আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছিল জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। কিন্তু বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে থাকায় এত দিন সম্মেলনের তারিখ ঘোষণা করা সম্ভব হয়নি।
জাতিসংঘের সিরিয়াবিষয়ক বিশেষ দূত লাখদার ব্রাহিমি বলেছেন, শান্তি আলোচনায় সম্ভাব্য অংশগ্রহণকারী প্রতিনিধিদের তালিকা এখনো তৈরি হয়নি।
২০১১ সালের মার্চে আসাদের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরুর পর সিরিয়ার সরকার ও বিরোধীদের মধ্যে এটিই প্রথম বৈঠক। এএফপি।