আসাদকে পদত্যাগে রাজি করাতে কাজ চলছে: কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পদত্যাগে রাজি করতে তাঁকে বোঝানোর কাজ করছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার ওয়াশিংটন সফররত জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী নাসের জুদেহর সঙ্গে আলোচনার পর কেরি সাংবাদিকদের এ কথা বলেন।কেরি বলেন, প্রেসিডেন্ট বাশারের ধারণা, তিনি ক্ষমতা ধরে রাখতে পারবেন এবং বর্তমান রক্তপাত বন্ধে তাঁর পদত্যাগ ‘অপরিহার্য’ নয়। বাশারের এ ধারণা পরিবর্তনে যুক্তরাষ্ট্র কাজ করছে। কেরি আরও বলেন, ‘প্রেসিডেন্ট বাশার এখন কী হিসাব-নিকাশ করছেন, সেদিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আমি মনে করি, তাঁর বর্তমান ধারণায় পরিবর্তন আনতে আরও কাজ করতে হবে।’ তবে বাশারকে বোঝাতে যুক্তরাষ্ট্র সুনির্দিষ্টভাবে কী কাজ করছে, তা উল্লেখ করেননি কেরি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় প্রায় ২৩ মাস ধরে চলা সহিংসতা বন্ধে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান বের করতে অনেক আগে থেকেই কাজ করছে যুক্তরাষ্ট্র। এই সহিংসতায় অন্তত ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কেরি ইঙ্গিত দেন, সিরিয়ায় রক্তপাত বন্ধে যুক্তরাষ্ট্র ও জর্ডান পুনরায় পদক্ষেপ নিতে পারে। এই দুই দেশ বাশারের পদত্যাগের জন্য রাশিয়াকে চাপ সৃষ্টি করতে বলতে পারে। এখন পর্যন্ত সিরিয়ার অন্যতম মিত্র রাশিয়া দামেস্কের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে এবং দেশটির কাছে অস্ত্র বিক্রি করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে কাজ করতে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ শিগগিরই রাশিয়া সফর করবেন বলে আশা করা যাচ্ছে।কেরি বলেন, ‘আমি এখনো আশাবাদী যে সিরিয়ায় সহিংসতা বন্ধে এমন একটি সমীকরণ খুঁজে বের করা সম্ভব, যাতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র এক হয়ে কাজ করবে।’ রাশিয়ার একজন শীর্ষ কূটনীতিক গত বুধবার জানান, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম ও সিরিয়ার বিরোধী জোটের প্রধান মোয়াজ আল খতিব কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া সফরে যাচ্ছেন।জাতিসংঘের প্রতিনিধি সিরিয়ায়: সিরিয়াবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত লাখদার ব্রাহিমির ডেপুটি মোখতার লামিনি সিরিয়া সফরে গেছেন। কয়েক মাসের মধ্যে জাতিসংঘের সিরিয়াবিষয়ক কোনো প্রতিনিধির এটাই প্রথম সফর। এ সফরে লামিনি বেসামরিক ও খ্রিষ্টান নেতাদের সঙ্গে বৈঠক করেন।চলতি মাসের শুরুর দিকে বিরোধী জোটের নেতা মোয়াজ আল খতিব বাশার সরকারের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেন। গত সোমবার সরকারের পক্ষ থেকে জানানো হয়, সিরিয়ার বাইরে কোথাও এ আলোচনা চলতে পারে। এ সময় সিরিয়ার জাতিসংঘের প্রতিনিধির সফর বেশ তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। এএফপি, বিবিসি।