আসাদকে পরিস্থিতি সামলানোর বুদ্ধি দেন শ্বশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপর দমন-নিপীড়নের ঘটনায় বিশ্বব্যাপী ওঠা সমালোচনার ঝড় কীভাবে সামাল দিতে হবে, প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে সে কৌশল বাতলে দেন তাঁর শ্বশুর লন্ডনের চিকিৎসক ফাওয়াজ আখরাস। ফাঁস হওয়া ই-মেইলের বরাত দিয়ে গতকাল শুক্রবার দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত খবরে এ কথা জানা যায়। প্রেসিডেন্ট বাসার আল-আসাদ ও তাঁর স্ত্রী আসমা আল-আসাদের তিন হাজারেরও বেশি ‘ব্যক্তিগত ই-মেইল বার্তা’ গত বুধবার থেকে প্রকাশিত হচ্ছে ওই পত্রিকায়। লন্ডনের এই পত্রিকাটি বলেছে, তাদের বিশ্বাস ই-মেইল বার্তাগুলো আসল, যদিও এর সত্যতা যাচাই করা সম্ভব নয়।ই-মেইল বার্তাগুলো তারা সিরীয় বিদ্রোহীদের কাছ থেকে পেয়েছে। গত বছরের জুন থেকে গত ফেব্রুয়ারির মধ্যে সিরিয়ার সুপ্রিম কাউন্সিল অব দ্য রেভল্যুশনের সদস্যরা বাসার ও তাঁর স্ত্রীর ব্যক্তিগত ই-মেইল হিসাব হ্যাক করে।প্রেসিডেন্ট বাসারের ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী আসমার বাবা চিকিৎসক ফাওয়াজ। ৬৪ বছর বয়সী এই হূদেরাগ বিশেষজ্ঞকে প্রেসিডেন্ট আসাদের ওপর ব্যাপক প্রভাব বিস্তারকারী ব্যক্তি হিসেবে ভাবা হয়। তিনি আসাদকে নৈতিক সমর্থন ও জনসংযোগ-বিষয়ে পথনির্দেশনা দিয়ে থাকেন। ফাওয়াজ গত বছরের ডিসেম্বরে পাঠানো একটি ই-মেইলে আসাদকে বিশ্বব্যাপী তাঁর সরকারের বিরুদ্ধে ওঠা সমালোচনার ঝড় কীভাবে মোকাবিলা করতে হবে, সে বিষয়ে ১৩টি পরামর্শ দেন।এ ছাড়া তিনি মানবাধিকার কর্মীদের কার্যক্রমের বিষয়ে প্রশ্ন তুলে বলেন, সিরিয়ায় হতাহতের ঘটনায় তাঁরা এত উদ্বিগ্ন কেন? লিবিয়ায় গাদ্দাফিবিরোধী আন্দোলনে সিরিয়ার তুলনায় তো অনেক বেশি লোক হতাহত হয়েছিল। ই-মেইল বার্তায় চিকিৎসক ফাওয়াজ সিরীয় বিদ্রোহীদের ‘বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী’ ও ‘সশস্ত্র অপরাধী দল’ হিসেবে অভিহিত করেন, যারা আসাদকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত।এর আগে প্রকাশিত ই-মেইল বার্তাগুলোতে দাবি করা হয়, সিরিয়ায় গণবিক্ষোভ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সময় প্রেসিডেন্ট আসাদ ইরানের কাছ থেকে পরামর্শ নেন। ইরানের সঙ্গে সংযোগ রয়েছে, লেবাননের এমন একজন ব্যবসায়ী গত ডিসেম্বরে এক ই-মেইল বার্তায় প্রেসিডেন্ট আসাদকে দামেস্কে জোড়া গাড়িবোমা হামলার জন্য আল-কায়েদাকে দোষারোপ না করার আহ্বান জানান। রয়টার্স, বিবিসি।