আসাদকে শায়েস্তায় প্রস্তুত পশ্চিমারা

যুক্তরাষ্ট্র ইতিমধ্যে জানিয়েছে, সিরিয়ায় হামলার জন্য দেশটির নৌবাহিনী প্রস্তুত রয়েছে। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ওবামা প্রশাসন। সিরিয়ায় সরকারি বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক হামলার অভিযোগ ওঠার পর মিত্রদের সঙ্গে ৮৮ বার কথা বলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল গতকাল মঙ্গলবার বিবিসিকে বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশের অপেক্ষায় মার্কিন সেনারা। তারা সিরিয়ায় সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুত। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ওবামার নির্দেশ বাস্তবায়নে আমরা প্রয়োজনীয় সরঞ্জাম জায়গামতো রেখেছি।’
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘সিরিয়ায় জঘন্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য কে দায়ী, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সিরিয়ার সরকারই দায়ী।’
সিরিয়া বিষয়ে সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা পরিষদ আজ আলোচনায় বসছে। এ ছাড়া এ বিষয়ে বিতর্কের জন্য ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন ডাকা হয়েছে।
ক্যামেরন গতকাল মঙ্গলবার বলেছেন, দেশের মানুষের ওপর সিরিয়ার সরকার রাসায়নিক হামলা চালানোর পর আন্তর্জাতিক সম্প্রদায় চুপ করে থাকবে না।
সিরিয়া বিষয়ে করণীয় সম্পর্কে পরিকল্পনার খসড়া প্রণয়ন করছে ব্রিটিশ সেনাবাহিনী।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, রাসায়নিক গ্যাস ব্যবহারের জন্য আসাদকে শাস্তি দিতে তাঁর দেশ প্রস্তুত।
অস্ট্রেলিয়া আজ জানিয়ে দিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হলে সিরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে তারা প্রস্তুত।
সিরিয়ার সরকারবিরোধী সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের প্রেসিডেন্ট আহমেদ জারবা তুরস্কের ইস্তাম্বুলে ১১টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাত্ করেছেন। ভবিষ্যতে রাসায়নিক হামলা বন্ধে শিগগিরই আসাদ সরকারের অনুগত বাহিনীর বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ চালানোর দাবি করেছেন তিনি।
সিরিয়ায় সেনা পাঠানোর বিষয়ে পশ্চিমা দেশগুলোর জনগণের মধ্যে খুব কমই সমর্থন আছে। তাই সিরিয়ায় সম্ভাব্য সামরিক পদক্ষেপের মধ্যে ক্ষেপণাস্ত্র বা বিমান হামলার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
সিরিয়ায় হামলার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দুই বৃহত্ শক্তি রাশিয়া ও চীন এবং ইরান। মস্কো বলেছে, সিরিয়ায় শক্তি প্রয়োগ ওই অঞ্চলের জন্য ‘বিপর্যয়কর পরিণতি’ ডেকে আনবে।
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য দায়ী ব্যক্তিদের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে কি না, তা পরীক্ষার জন্য সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করতে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল আজ আবারও ঘটনাস্থলে গেছে। সঠিক তথ্য উদঘাটনে বিশেষজ্ঞ দলকে সময় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
সিরিয়ার আসাদবিরোধীদের অভিযোগ, ২১ আগস্ট রাজধানী দামেস্কের অদূরে সেনাবাহিনী রাসায়নিক অস্ত্রের হামলা চালিয়েছে। এতে শিশুসহ অন্তত তিন শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে তিন সহস্রাধিক।
দেশটির সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। নিরপেক্ষ অন্য কোনো সূত্র থেকে এ অভিযোগের সত্যতার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।