সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অবশ্যই সরে যেতে হবে বলেমন্তব্যকরেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি গতকাল সোমবার যুক্তরাজ্যের লন্ডনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।কেরি গত রোববার রাতে যুক্তরাজ্যে পৌঁছান। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই তাঁর প্রথম বিদেশ সফর। লন্ডনে গতকাল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে তাঁর বৈঠক করার কথা। এর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। জন কেরি বলেন, বাশারকে তাঁর পদ ছাড়ার এবং সম্প্রতি সিরিয়ায় বেসামরিক লোকজনের বিরুদ্ধে সহিংসতার বিষয়ে নিন্দা জানানোর এটাই সময়। সংবাদ সম্মেলনে হেগ সহিংসতার ইতি টানতে সেখানকার বিদ্রোহীদের সহায়তাদান উল্লেখযোগ্য হারে বাড়াতে আহ্বান জানান।যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কূটনীতিকের পদে আসীন হওয়ার পর কেরি প্রথম বিদেশ সফরের উদ্দেশে রোববার দেশ ছাড়েন। ওই দিন রাতে তিনি লন্ডনে পৌঁছান। যুক্তরাজ্য সফর শেষে কেরি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের আরও আটটি দেশ সফর করবেন। এর মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, তুরস্ক, মিসর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এ সফরে কেরি সিরিয়া-পরিস্থিতির ওপর বেশি গুরুত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। তিনি জার্মানির বার্লিনে সিরিয়ার বিরোধী পক্ষ ও তাদের সমর্থনকারী দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি যুক্তরাজ্য সফরের সময় তিনি বিরোধপূর্ণ ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা যুক্তরাজ্যের হাতেই থাকবে কি না, তা নিয়ে আসন্ন গণভোট নিয়ে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে আলোচনা করবেন।যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যাপারে তাঁদের অবস্থান আগের মতোই রয়েছে। তবে যুক্তরাজ্য ও আর্জেন্টিনাকে ওই দ্বীপপুঞ্জের ব্যাপারে একটি সমাধানের উপায় বের করতে হবে।চলতি মাসের শুরুর দিকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান হিলারি ক্লিনটন। সে সময় তাঁর স্থলাভিষিক্ত হন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও ২০০৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জন কেরি। বিবিসি।