রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, তাঁর দেশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বলবে না। এ ব্যাপারে এতটুকু সম্ভাবনাও নেই। তিনি বলেছেন, সিরিয়ার শাসক পরিবর্তনের খেলায় রাশিয়া নেই। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ এসব কথা বলেন।সিরিয়ার প্রধান বিরোধী দল সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল দীর্ঘদিন থেকে বলে আসছে, যেকোনো আলোচনার আগে প্রেসিডেন্ট আসাদকে সরে দাঁড়াতে হবে।যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে আলোচনার জন্য আগামী সপ্তাহে লাভরভের লন্ডন যাওয়ার কথা। দুই দেশের পক্ষ থেকেই বলা হচ্ছে, আলোচনায় সিরিয়ার প্রসঙ্গটি প্রাধান্য পাবে। রাশিয়া ঐতিহ্যগতভাবেই সিরিয়া সরকারের ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন, সিরিয়ার প্রেসিডেন্টকে সরে দাঁড়ানোর কথা বলার প্রশ্নই ওঠে না। তিনি আরও বলেন, ‘আমি কেবল এটা বলতে পারি যে সিরিয়ার নেতৃত্ব কার দেওয়া উচিত, সেই সিদ্ধান্ত আমরা দিতে পারি না। সেই সিদ্ধান্ত সিরিয়ার লোকজনই নেবে।’লাভরভ আরও বলেন, এটি হলো নীতির বিষয়। তবে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রেসিডেন্ট আসাদের নেই।সিরিয়া প্রশ্নে যুক্তরাজ্য ও রাশিয়ার মধ্যে অভিন্ন কোনো ক্ষেত্র তৈরি হবে কি না, জানতে চাইলে লাভরভ বলেন, ‘আমরা উভয় পক্ষই সিরিয়ায় ঐক্য ও গণতন্ত্র চাই। আমরা চাই সিরিয়ার নাগরিকেরা নিজেরাই তাদের সুষ্ঠু পথ বেছে নিক। দেশটিতে সংকট শুরুর পর থেকে রাশিয়ার অবস্থান এটাই।’জাতিসংঘের এক হিসাবে বলা হয়েছে, বছর দুয়েক আগে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরুর পর থেকে সিরিয়ায় এ পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। প্রায় ১০ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে এবং প্রায় ২৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিবিসি।