সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী নতুন জোট দ্য ন্যাশনাল কোয়ালিশন ফর সিরিয়ান রেভল্যুশনারি অ্যান্ড অপজিশন ফোর্সেসকে সমর্থন দেবে ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস গতকাল মঙ্গলবার এ কথা জানান। নতুন এই জোটকে স্বাগত জানিয়েছে আরব লিগ।এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে সরকারি ও বিদ্রোহী সেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ সেনা নিহত হয়েছে। তুরস্ক সীমান্তের কাছে রাস আল আইন শহরে আবারও বোমা হামলা চালিয়েছে সরকারি বাহিনী।মিসর সফররত ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফ্যাবিয়াস গতকাল কায়রোতে বলেন, ‘আসাদবিরোধীরা এখন একজোট হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ফ্রান্স তাদের সমর্থন দেবে।’ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিকদের সঙ্গে আরব দেশগুলোর কূটনীতিকদের বৈঠকে অংশ নিতে কায়রো যান ফ্যাবিয়াস।আরব দেশগুলোর সংগঠন আরব লিগ সিরিয়ায় আসাদবিরোধী নতুন জোটকে স্বাগত জানিয়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম বলেন, আরব লিগ সিরিয়ার জনগণের একক সংগঠন হিসেবে নতুন এই জোটের প্রতি সমর্থন জানাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সব সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছে। এএফপি ও বিবিসি।