আসাদবিরোধীরা জোটবদ্ধ প্রধান মোয়াজ আল খতিব
সিরিয়া সরকারের বিরোধী পক্ষগুলোর নতুন জোট দেশটির মধ্যপন্থী ধর্মীয় নেতা মোয়াজ আল খতিবকে তাদের প্রধান হিসেবে নির্বাচিত করেছে। গত রোববার রাতে জোটের প্রধান হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। কাতারের রাজধানী দোহায় রোববার অনুষ্ঠিত বৈঠকে সিরিয়া সরকারের বিরোধী পক্ষগুলো নতুন জোট গঠনের ব্যাপারে একমত হয়। পরে খতিবকে নতুন জোটের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। একই সঙ্গে জোটের ভাইস প্রেসিডেন্ট হিসেবে রিয়াদ সাইফ ও সুহাইর আল আতাসির নাম ঘোষণা করা হয়।নতুন জোটকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এই জোট প্রবাসী সরকার গঠন করবে। এর অধীনে একটি সামরিক পরিষদ গঠন করা হবে। সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের (এসএনসি) সামরিক শাখা ফ্রি সিরিয়ান আর্মিও এই পরিষদের সঙ্গে কাজ করবে। নতুন জোটের প্রধান খতিব (৫২) সুন্নি মতাবলম্বী। তিনি সিরিয়ার রাজধানী দামেস্কের উমায়েদ মসজিদের সাবেক ইমাম। গত জুলাইয়ে দামেস্ক থেকে মিসরের রাজধানী কায়রোয় পালিয়ে যান তিনি। এর আগে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমালোচনা করায় বিভিন্ন সময় তাঁকে কারাবরণ করতে হয়। এসএনসি নতুন এই জোটের সঙ্গে একীভূত হয়েছে। কয়েক দিন আগে এর নতুন নেতা হিসেবে দায়িত্ব নেওয়া জর্জ সাবরা রোববার রাতে নতুন জোট গঠনের চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর আগে এসএনসি অভিযোগ করে, নতুন জোট গঠন করে একে পাশ কাটানোর চেষ্টা চলছে।যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর সমর্থনে নতুন এই জোট গঠন করা হলেও এর নাম এখন নিশ্চিত করা হয়নি। এর আগে রোববার বৈঠকের একটি পর্ব শেষে সিরিয়ার সরকারবিরোধী একটি পক্ষের নেতা সাদরাদ্দিন আল বায়ানাউনি বলেন, নতুন জোটের নাম হবে ‘ন্যাশনাল কোয়ালিশন ফর অপজিশন ফোর্সেস’ অথবা ‘সিরিয়ান রেভল্যুশন’।রোববার রাতে এসএনসির জর্জ সাবরার সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর খতিব আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সিরিয়ার জনগণের জন্য তাদের ‘অঙ্গীকার পূরণ করার’ আহ্বান জানান। বার্তা সংস্থা রয়টার্স একটি সূত্রের বরাত দিয়ে জানায়, এসএনসির ওপর চাপ সৃষ্টি করে নতুন এই জোটে ভেড়ানো হয়েছে। ওই দিন রাতে নতুন জোটে একীভূত হতে চুক্তি স্বাক্ষরের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। গত মাসে খতিব বলেন, সিরিয়াকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষার জন্য বর্তমান সংকট সমাধানে রাজনৈতিক সমাধান জরুরি। তবে রাজনৈতিক সমাধানেও বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শেষ রক্ষা হবে না। নতুন জোটের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার বলেন, ‘আমরা সিরিয়ায় রক্তপাত বন্ধ করে শান্তি নিশ্চিত করতে নতুন এই জোটকে সমর্থন দেব। একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় এই সমর্থন দেওয়া হবে, যা সিরিয়ার জনগণ চায়।’এদিকে রোববারও সিরিয়ায় সহিংসতা চলে। তুরস্কের সীমান্তসংলগ্ন এলাকায় সরকারি ও বিদ্রোহী বাহিনীর মধ্যে ব্যাপক লড়াই হয়েছে। সরকারি বাহিনী রাস আল আইন এলাকায় হেলিকপ্টার নিয়ে হামলা চালিয়েছে। বিবিসি, আল-জাজিরা।