আসাদের পক্ষ ছাড়ছেন কূটনীতিকেরা আলেপ্পোতে বিদ্রোহীদের শক্তি বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াই তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষত্যাগী সরকারি কর্মকর্তাদের সংখ্যাও ক্রমাগতভাবে বাড়ছে। এত দিন সিরিয়ার সামরিক কর্মকর্তারা সরকারের পক্ষত্যাগ করলেও এখন কূটনীতিকেরা একই পথ অনুসরণ করছেন।গত বুধবার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং সাইপ্রাসে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত প্রেসিডেন্ট আসাদের পক্ষত্যাগ করেছেন। দুই কূটনীতিক কর্মস্থল ছেড়ে কাতারে গেছেন বলে খবর পাওয়া গেছে। অবশ্য দুই রাষ্ট্রদূতের পক্ষত্যাগের বিষয়ে সিরিয়া সরকার গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। পক্ষত্যাগী সিরিয়ার দুই কূটনীতিক হচ্ছেন: সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত আবদেল লতিফ আল-দাবাঘ এবং সাইপ্রাসের রাষ্ট্রদূত লামিয়া আল হারিরি। তাঁরা দুজন স্বামী-স্ত্রী।হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি ওই দুই কূটনীতিকের পক্ষত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট আসাদের ঘনিষ্ঠ জ্যেষ্ঠ কর্মকর্তারা সরকারের পক্ষ ত্যাগ করার কারণ, তিনি নিজ দেশের মানুষের বিরুদ্ধে জঘন্য অপরাধ সংঘটিত করছেন। প্রেসিডেন্ট আসাদের সময় ফুরিয়ে আসছে, এখন শুধু তাঁর বিদায়ের ক্ষণগণনা চলছে।চলতি জুলাই মাসে এ পর্যন্ত রাষ্ট্রদূত পদমর্যাদার তিনজন জ্যেষ্ঠ কূটনীতিক সিরিয়া সরকারের পক্ষ ত্যাগ করলেন। এ মাসের শুরুর দিকে ইরাকে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত নাওয়াফ ফারেস সরকারের পক্ষত্যাগ করে কাতারে চলে যান।সংযুক্ত আরব আমিরাত এবং সাইপ্রাসের রাষ্ট্রদূত ছাড়া ওমানে অবস্থিত সিরিয়া দূতাবাসের সামরিক কর্মকর্তা মোহাম্মদ তাহসিন আল-ফকিরও পক্ষত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাঁর পক্ষত্যাগের বিষয়টি নিশ্চিত করা যায়নি।এদিকে, সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর দখল নিতে বিদ্রোহীরা নিজেদের শক্তি বৃদ্ধি করছে বলে খবর পাওয়া গেছে। গত বুধবার রাত থেকে থেকে শহরটিতে বিদ্রোহীরা বাড়তি জনবল ও অস্ত্রের সমাবেশ ঘটিয়েছে। লড়াই হয়েছে রাজধানী দামেস্কের রাজপথে। দামেস্কের দক্ষিণাঞ্চলে প্যালেস্টাইন ক্যাম্পের কাছে গতকাল সকাল সাতটার দিকে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। সংঘর্ষে ভারী অস্ত্রের ব্যবহার ও বোমার শব্দ শোনা গেছে।সিরিয়ার সরকারবিরোধী সূত্রগুলো জানিয়েছে, গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত আলেপ্পোর বিভিন্ন এলাকায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। এর মধ্যে আলেপ্পোর কেন্দ্রস্থল আল-জামালিয়াসংলগ্ন ক্ষমতাসীন দল বাথ পার্টির আঞ্চলিক কার্যালয়ের কাছে উভয় পক্ষের প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। শহরটির দক্ষিণাঞ্চলে বিদ্রোহীরা একটি পুলিশ স্টেশন জ্বালিয়ে দিয়েছে। অন্যদিকে, সরকারি বাহিনী বিদ্রোহীদের হটাতে হেলিকপ্টার থেকে গুলি ছুড়েছে। বিদ্রোহীদের সম্ভাব্য আস্তানা লক্ষ্য করে একের পর এক কামান থেকে গোলা নিক্ষেপ করা হয়েছে।তুরস্ক জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে সিরিয়ার সঙ্গে থাকা তাদের তিনটি সীমান্ত ক্রসিং (পারাপারের পথ) গত বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। রয়টার্স ও এএফপি।