আসাদের পক্ষ ত্যাগ করলেন সিরীয় রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত নাওয়াফ ফারেস সরকারের পক্ষ ত্যাগ করে বিদ্রোহীদের দলে যোগ দিয়েছেন। গত বুধবার আল-জাজিরা টেলিভিশন ও ফেসবুকে প্রচারিত একটি ভিডিওচিত্রে তিনি এ ঘোষণা দেন।সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে ১৬ মাস ধরে চলমান আন্দোলন দমনে সরকারের দমনপীড়নের প্রতিবাদে ফারেসই প্রথম জ্যেষ্ঠ কূটনীতিক, যিনি স্বপক্ষ ত্যাগ করলেন। এর মাত্র এক সপ্তাহ আগে সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মানাফ তালাস বাশারের পক্ষ ত্যাগ করে সিরিয়া থেকে পালিয়ে যান।ভিডিওবার্তায় দেখা গেছে, ক্ষমতাসীন বাথ পার্টির সদস্য হিসেবে ইরাকে নিযুক্ত রাষ্ট্রদূত নাওয়াফ ফারেস একটি বিবৃতি পড়ে শোনাচ্ছেন। বিবৃতিতে তিনি রাষ্ট্রদূত ও বাথ পার্টির সদস্য উভয় পদ থেকেই পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তাঁর পেছনে সিরিয়ার বিদ্রোহীদের পতাকা দেখা গেছে। বিবৃতিতে ফারেস বলেন, ‘আমি ঘোষণা দিচ্ছি, এই মাস থেকে আমি সিরিয়ার বিপ্লবী জনতার সঙ্গে যোগ দিয়েছি।’ তিনি বলেন, ‘আমি দলের (বাথ পার্টি) অন্য সদস্যদেরও স্বপক্ষ ত্যাগের আহ্বান জানাচ্ছি। কারণ সিরিয়ার সরকার জনগণের ওপর দমনপীড়ন চালানো এবং তাদের স্বাধীনতা ও আত্মমর্যাদা কেড়ে নেওয়ার হাতিয়ারে পরিণত হয়েছে।’ এদিকে গতকাল বৃহস্পতিবার সিরিয়ার পররাষ্ট্র দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরাকে নিযুক্ত সিরীয় রাষ্ট্রদূত নাওয়াফ ফারেসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ বিবৃতিতে বলা হয়, ‘ফারেসকে অব্যাহতি দেওয়ায় এখন থেকে বাগদাদে অবস্থিত সিরীয় দূতাবাসের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই।’ এরই মধ্যে পশ্চিমা দেশগুলো সিরিয়ার বিরুদ্ধে অবরোধের কঠোর হুঁশিয়ারি দেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। বর্তমানে সিরিয়ায় জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান-সমর্থিত ছয় দফার শান্তি পরিকল্পনার অংশ হিসেবে একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক দল নজরদারির কাজ করছে। আজ শুক্রবার এই পর্যবেক্ষক দলের ৯০ দিনের কার্যক্রম শেষ হচ্ছে। রাশিয়া পর্যবেক্ষক দলের মেয়াদ আরও ৯০ দিন বাড়ানোর পরামর্শ দিয়েছে। তবে পশ্চিমা দেশগুলো শুক্রবারের আগেই নিরাপত্তা পরিষদের পদক্ষেপের অংশ হিসেবে সিরিয়াকে অবরোধের হুমকি দেওয়ার আহ্বান জানিয়েছে। এ ছাড়া সিরিয়াকে ১০ দিনের মধ্যে বেসামরিক মানুষের বিরুদ্ধে ভারী অস্ত্রের ব্যবহার বন্ধ করা এবং সেনাদের ব্যারাকে ফিরিয়ে নিতে ব্যর্থ হলে দামেস্কের বিরুদ্ধে অবরোধ আরোপের একটি খসড়াও প্রস্তুত করা হয়েছে। বিবিসি।