আসাদের পতন ঘটতে পারে: রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার মিত্ররাষ্ট্র রাশিয়া বলেছে, বিদ্রোহীদের কাছে পতন ঘটতে পারে দেশটির সরকারি বাহিনীর। এদিকে সরকারি বাহিনী বিদ্রোহীদের দমনে স্কাড ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে দাবি করেছেন এক মার্কিন কর্মকর্তা। বিদ্রোহীদের বোমা হামলায় আহত হয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বগদানভ গতকাল বৃহস্পতিবার বলেছেন, সিরিয়ার সরকারি বাহিনী ক্রমেই অধিক হারে বিদ্রোহীদের কাছে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা হারাচ্ছে। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও এটা আমরা উড়িয়ে দিতে পারি না যে, শেষ পর্যন্ত বিদ্রোহী বাহিনী জিতে যেতে পারে।’যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার সরকারি বাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কী ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে, সে সম্পর্কে কিছু জানায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ‘আমরা ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। যে ধরনের ক্ষেপণাস্ত্র (স্কাড) ব্যবহারের গোয়েন্দা তথ্য এসেছে, আমরা তা উড়িয়ে দিচ্ছি না। এটাও ঠিক, সিরিয়া মারণাস্ত্র ব্যবহার করছে।’এদিকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতিদানের এক দিন পরই বুধবার সিরিয়ার বিরোধী সংগঠনগুলোর নতুন জোটকে (ন্যাশনাল কাউন্সিল) দেশটির জনগণের বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিয়েছে আরব ও পশ্চিমা বিশ্বের দেশগুলো। মরক্কোয় আসাদের বিরোধিতাকারী দেশগুলোর জোটের ‘ফ্রেন্ডস অব সিরিয়া’র এক বৈঠকে এ ঘোষণা আসে। এর আগে বিরোধীদের নতুন জোটকে স্বীকৃতি দেয় ইউরোপীয় ইউনিয়ন। এর ফলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ওপর আন্তর্জাতিক চাপ আরও বেড়ে গেল।বৈঠক শেষে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী সাদ এদিন ইল ওথমানি সংবাদ সম্মেলনে বলেন, ‘সিরিয়ার জনগণের একমাত্র প্রতিনিধি হিসেবে ন্যাশনাল কাউন্সিলকে সম্পূর্ণ স্বীকৃতি দেওয়া হলো।’ তিনি বলেন, প্রতিনিধিরা আবারও আসাদকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। অন্যথায় তিনি আন্তর্জাতিক আইন ভঙ্গের শাস্তি এড়াতে পারবেন না বলে প্রতিনিধিরা হুঁশিয়ারি উচ্চারণ করেন। ওথমানি আরও বলেন, প্রতিনিধিরা আসাদকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধেও সতর্ক করে দিয়েছেন। তাঁরা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এর কড়া জবাব দেবে।মরক্কোর বৈঠকে ১১৪টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এঁদের মধ্যে প্রায় ৬০ জন ছিলেন মন্ত্রী। সিরিয়ার সরকারবিরোধী ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশ নেন। তাঁরা সিরিয়ায় গত ২১ মাসব্যাপী সহিংসতা নিয়ে আলোচনা করেন। আসাদের সম্ভাব্য পতনের পর আসন্ন রাজনৈতিক পরিবর্তন ও মানবিক সাহায্য ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা জানান, আসাদ বাহিনী গত সপ্তাহে প্রথমবারের মতো ছয়টি স্কাড ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ক্ষেপণাস্ত্রগুলো সোভিয়েত আমলের তৈরি। তবে এ হামলায় ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি কিছু জানাননি।স্কাড ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে আলোচনায় আসে ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময়। ওই যুদ্ধে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন স্বল্পপাল্লার এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করেন। তা ছাড়া, গত বছর বেনগাজিতে বিদ্রোহীদের ওপর এই ক্ষেপণাস্ত্র ছোড়েন লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি। ২০০ কিলোমিটার বা তারও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এ ক্ষেপণাস্ত্র।সিরিয়ার সরকারবিরোধী বিক্ষোভকারী ও আন্তর্জাতিক পর্যবেক্ষক সংগঠনগুলোর দাবি, আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৪২ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এ ছাড়া পাঁচ লাখেরও বেশি মানুষ সিরিয়া ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সেনানিয়ন্ত্রিত আবাসিক এলাকা কাতানায় গতকাল বৃহস্পতিবার এক গাড়িবোমা হামলায় ১৬ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। অপর এক বোমা হামলায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহত হওয়ার এক দিন পরই এ ঘটনা ঘটল।নিরাপত্তা কর্মকর্তারা জানান, বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিন দফা বোমা হামলা চালানো হয়। এতে অন্তত পাঁচজন নিহত হন। নিউইয়র্কটাইমস ও বিবিসি।