সিরিয়ায় জাতিসংঘ পর্যবেক্ষক দলের সাবেক প্রধান মেজর জেনারেল রবার্ট মুড বলেছেন, আসাদের নেতৃত্বাধীন সরকারের পতন এখন ‘সময়ের ব্যাপার মাত্র’। গতকাল শুক্রবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন তিনি।এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অবশ্যই ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাইক হামার এ কথা বলেন।নরওয়ের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা রবার্ট মুড দায়িত্ব পালন শেষে গত সপ্তাহে সিরিয়া ত্যাগ করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট আসাদ বিদায় নিলেই দীর্ঘ ১৬ মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান হবে, এমনটি না-ও ঘটতে পারে।রবার্ট মুড বলেন, ‘আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, সিরীয় সরকারের পতন ঘনিয়ে এসেছে। সরকার নিজ দেশের শক্তিশালী সামরিক বাহিনীকে ব্যবহার করে বেসামরিক লোকদের ওপর নির্বিচারে সহিংসতা চালাচ্ছে। এ অবস্থায় প্রেসিডেন্ট আসাদের পতন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’বার্তা সংস্থা পিটিআই জানায়, ওয়াশিংটনে ফরেন প্রেস সেন্টারে সংবাদ সম্মেলনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী (পাবলিক অ্যাফেয়ার্স) মাইক হামার বলেছেন, আসাদকে অবশ্যই ক্ষমতা থেকে চলে যেতে হবে। মাইক হামার আরও বলেন, ‘আসাদের বোঝা উচিত, সহিংসতা সমস্যা সমাধানের উপায় হতে পারে না। ক্রমাগতভাবে বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ হারানোর সঙ্গে সিরিয়ার ওপর কর্তৃত্ব হারাচ্ছেন তিনি। তাঁর উচিত নিজ থেকেই ক্ষমতা থেকে সরে দাঁড়ানো।’ মার্কিন কর্মকর্তাদের দাবি, আসাদ নিজ দেশের ওপর ক্রমশ নিয়ন্ত্রণ হারাচ্ছেন। তাঁকে ক্ষমতা থেকে অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আরব লিগের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।এদিকে গত বৃহস্পতিবার সিরিয়ার পার্লামেন্ট সদস্য ইখলাস বাদায়ি সরকারের পক্ষ ত্যাগ করেছেন। ক্ষমতাসীন বার্থ পার্টির মনোনয়নে গত মে মাসে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি। তাঁর নির্বাচনী এলাকা উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে। ইখলাস বাদায়ি সিরিয়া ছেড়ে তুরস্কে পাড়ি জমিয়েছেন বলে সরকারবিরোধী সূত্রগুলো জানিয়েছে। এদিকে আলেপ্পোতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের লড়াই আরও তীব্র আকার ধারণ করেছে। গতকাল সকালে হেলিকপ্টারের সহায়তায় বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে প্রচণ্ড হামলা চালিয়েছে সরকারি বাহিনী। বিদ্রোহীদের পরাজিত করতে গত কয়েক দিনে শহরটিতে ব্যাপক সেনা সমাবেশ ঘটিয়েছে সরকার। বৃহস্পতিবার সিরিয়ার সরকারপন্থী দৈনিক পত্রিকা আল-ওয়াতান বলছে, ‘সন্ত্রাসীদের’ নির্মূল করার জন্য আলেপ্পোই হবে শেষ যুদ্ধক্ষেত্র। যুক্তরাষ্ট্র আশঙ্কা প্রকাশ করছে, আলেপ্পোতে গণহত্যা চালাতে পারে সিরীয় বাহিনী। এএফপি ও রয়টার্স।