আসাদের স্ত্রীর বিরুদ্ধে ইইউর ভ্রমণ নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী আসমা আল-আসাদসহ ১২ জনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কূটনৈতিক সূত্র জানায়, গতকাল শুক্রবার ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে এক বৈঠকে নিষেধাজ্ঞা আরোপের এই সিদ্ধান্ত নেন। আজ শনিবার থেকে তা কার্যকর হবে।আসাদের ওপর ইতিমধ্যেই এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আসাদের স্ত্রী ছাড়াও তাঁর মা, বোন ও শ্যালিকা এবং অন্য আটজনের বিরুদ্ধে এই অবরোধ আরোপ করল ইইউ। এ ছাড়া তাঁদের সম্পদ জব্দ করা হয়েছে। বৈঠকে যোগ দিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, ‘আমরা সিরিয়া সরকারের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিকক চাপ বৃদ্ধি করেছি। মানুষ হত্যা অব্যাহত রাখার ব্যাপারে তাঁদের (সিরিয়ার সরকার) আচরণ বিশ্ববাসীর কাছে একেবারে অগ্রহণযোগ্য হয়ে পড়েছে।’সিরিয়ার ফার্স্ট লেডি আসমা জন্মসূত্রে যুক্তরাজ্যের নাগরিক। যুক্তরাজ্যের বর্ডার এজেন্সির এক মুখপাত্র এএফপিকে জানান, অবরোধ আরোপ করা হলেও আসমা আসাদকে যুক্তরাজ্য প্রবেশে কোনো বাধা দেওয়া হবে না।তবে কূটনৈতিক সূত্র জানায়, এই অবরোধের কারণে আসমা ইইউর অন্য ২৬টি দেশে যাওয়ার সুযোগ পাবেন না।সিরিয়ায় এক বছর ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে সেনাদের গুলিতে কয়েক হাজার নিরস্ত্র বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে। দেশটির মানবাধিকার কর্মীদের দাবি, এ ধরনের হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। প্রতিদিনই ডজন ডজন মানুষকে হত্যা করছে আসাদের অনুগত বাহিনী।আসাদ রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু বিক্ষোভকারীরা বলছে, এসব প্রতিশ্রুতিতে আর কাজ হবে না। আসাদকে পদত্যাগ করতে হবে। বিবিসি ও এএফপি।