আসাম বিভক্তের সম্ভাবনা নাকচ করলেন গগৈ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ তাঁর রাজ্যটি বিভক্ত করার দাবি নাকচ করে দিয়ে বলেছেন, আসামের অধিবাসীরা যৌথ পরিবারের মতো একত্রে বাস করতে চায়। পৃথক রাজ্যের সহিংস আন্দোলনে লিপ্ত ব্যক্তিদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করার পর এক সংবাদ সম্মেলনে আসামের মুখ্যমন্ত্রী এ কথা বলেন।

পৃথক রাজ্যের দাবির ব্যাপারে আসাম সরকারের অবস্থান কী জানতে চাইলে তরুণ গগৈ সাংবাদিকদেরকে বলেন, ‘কোনো সরকারই কোনো রাজ্য বিভক্ত করতে চায় না। আসামে আমরা একটি যৌথ পরিবারের মতো বাস করতে চাই।’  তরুণ গগৈ বলেন, ‘কারও কোনো অভাব-অভিযোগ থাকলে আসাম রাজ্য ও কেন্দ্রীয় সরকার তা সমাধানে আলোচনার জন্য প্রস্তুত। তবে কারোরই সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই।’

কেন্দ্রীয় সরকার অন্ধ্র প্রদেশ ভেঙে নতুন তেলেঙ্গানা রাজ্য গড়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে কয়েক দিন ধরে আসামে পৃথক রাজ্য প্রতিষ্ঠার পুরোনো দাবিতে সহিংস আন্দোলন শুরু হয়েছে। আইএএনএস ও পিটিআই।