তেলেঙ্গানার আঁচে উত্তপ্ত হয়ে পড়েছে আসামও। আসামে পৃথক বোড়োল্যান্ড এবং কার্বি আলং রাজ্য গড়ার দাবিতে গত তিন দিন ধরে চলছে সহিংস বিক্ষোভ।
গতকাল শুক্রবার আসামের কোকরাঝাড় রেল স্টেশন অবরোধ করে অল বোড়ো স্টুডেন্টস ইউনিয়ন বা আবসু। তাদের ১২ ঘণ্টার রেল অবরোধ কর্মসূচির ফলে আসামের বিভিন্ন রেল স্টেশনে আটকে পড়ে বহু দূর পাল্লার ট্রেন। বিঘ্নিত হয় ভারতের বিস্তীর্ণ এলাকার ট্রেন চলাচল। রাজধানী এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেইলের মতো দূরপাল্লার ট্রেন আটকে পড়ায় বহু যাত্রী চরম বিপাকে পড়েন।
বুধবার বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের প্রধান হাগরামা মহিলারির নেতৃত্বে একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের সঙ্গে দেখা করে পৃথক বোড়োল্যান্ড রাজ্য গড়ার দাবি জানিয়েছে।
আসামের আরেক জেলা কার্বি আলংয়ে চলছে পৃথক কার্বি আলং রাজ্য গড়ার দাবিতে বিক্ষোভ। বৃহস্পতিবার ডিফুতে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজনের মৃত্যু হয়।