আসামে উগ্রপন্থীদের দফায় দফায় হামলা, ৩২ জন নিহত
ভারতের আসাম রাজ্যের কোকরাঝাড় ও বকসা জেলায় গত বৃহস্পতি ও শুক্রবার উগ্রপন্থীদের হামলায় কমপক্ষে ৩২ জন গ্রামবাসী নিহত হয়েছে। এদের মধ্যে শিশু ও নারী রয়েছে। ওই হামলার পর আসাম-লাগোয়া পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে উগ্রপন্থীরা অতর্কিত হামলা চালায় কোকরাঝাড় জেলার বালাপাড়ায়। এখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আটজন। এরপর বকসা জেলার নরসিংহবাড়ি গ্রামেও গুলি করে হত্যা করা হয় আরও তিনজনকে। শুক্রবার বিকেলে কোকরাঝাড়ে ফের হামলা চালায় উগ্রপন্থীরা। এতে নিহত হয় আরও ১২ জন।
গতকাল শনিবার বকসা জেলার শালবাড়ি গ্রাম থেকে চার শিশু, দুই নারীসহ আরও নয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বকসা জেলা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোকরাঝাড়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আটজনকে।
পুলিশ জানায়, আসামের উগ্রপন্থী দল ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ডের (এনডিএফবি) সংবিজিত গ্রুপের অন্তত ৪৫ জনের একটি দল এই হামলা চালায়। তাদের হাতে একে-৪৭ রাইফেল বা এ ধরনের ভারী আগ্নেয়াস্ত্র ছিল। উগ্রপন্থীরা মোটরসাইকেলে করে এসে এই হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া তারা শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ করে।
এ ঘটনার জেরে কোকরাঝাড় ও বকসা জেলাজুড়ে সান্ধ্য আইন (কারফিউ) জারি করা হয়েছে। টহল শুরু করেছে সেনাবাহিনী।
আসামের আইজিপি এল আর বিশনয় হামলার কথা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
আসাম সীমান্ত-লাগোয়া পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির পুলিশ সুপার কুণাল অগ্রবাল জানান, জেলার কুমারগ্রামজুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে পশ্চিমবঙ্গের পুলিশের আইজি (উত্তরবঙ্গ) জাভেদ শামীম জানান, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলা-লাগোয়া আসাম-পশ্চিমবঙ্গ সীমান্তে লাল সতর্কতা জারি করা হয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ রাজ্যের এই পরিস্থিতি নিয়ে গত শুক্রবার উচ্চপর্যায়ের বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, পরিস্থিতি ভয়াবহ হলেও তা নিয়ন্ত্রণের জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আর প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দপ্তরের এক বিবৃতিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
তবে বিজেপি সহিংসতা দমনে ব্যর্থতার জন্য রাজ্যের কংগ্রেস সরকার ও কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছে। গতকাল নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বিজেপির মুখপাত্র রবিশংকর প্রসাদ সহিংসতার জন্য আসামের তরুণ গগৈ ও কেন্দ্রীয় সরকারকে দায়ী করে বলেন, ভোটের রাজনীতির কারণে তরুণ গগৈ সরকার সহিংসতা দমনে কার্যকর পদক্ষেপ নেয়নি। এনডিটিভি ও জি নিউজ।