আসামে উগ্রপন্থীদের হামলায় নিহত ৩১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের কোকরাঝাড় ও বকশা জেলায় গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার উগ্রপন্থীদের হামলায় ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪ জন।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আসামের কোকরাঝাড়, বকশা ও চিড়াং জেলায় এবং এর পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় কারফিউ জারি করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে উগ্রপন্থীরা কোকরাঝাড়ের বালাপাড়ায় অতর্কিত হামলা চালায়। এতে ওই গ্রামের আটজন বাসিন্দা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। একই সময়ে বকশা জেলায় নরসিংহবাড়ি গ্রামেও উগ্রপন্থীরা হামলা চালালে আরও চারজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

গতকাল বিকেলে কোকরাঝাড় ও বকশা জেলায় আবার হামলা চালায় উগ্রপন্থীরা। এতে কোকরাঝাড়ে ১২ জন ও বকশার নারায়ণগুড়ি এলাকায় সাতজন নিহত হন।

পুলিশ জানায়, আসামের উগ্রপন্থী দল এনডিএফবির একটি দল এই হামলা চালিয়েছে। তারা মোটরসাইকেলে করে এসে হামলা চালায় এবং শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ করে।

আসামের পুলিশপ্রধান এল আর বিশনয় জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোকরাঝাড় ও বকশা জেলাজুড়ে কারফিউ জারি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

আসামের সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির পুলিশ সুপার কুনাল অগ্রবাল জানান, জেলার কুমারগ্রামজুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে।

পশ্চিমবঙ্গের পুলিশের আইজি (উত্তরবঙ্গ) জাভেদ শামীম জানান, জলপাইগুড়ি ও কোচবিহার জেলা লাগোয়া আসাম-পশ্চিমবঙ্গ সীমান্তে লাল সতর্কতা জারি করা হয়েছে।

গতকাল মুখ্যমন্ত্রী তরুণ গগৈ রাজ্যের এই পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক করেছেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, পরিস্থিতি ভয়াবহ হলেও তা নিয়ন্ত্রণের জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।