আসামে নতুন সহিংসতা, ট্রেনে হামলা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের কোকড়াঝাড়, চিরাং ও বনগাইগাঁও জেলায় গতকাল মঙ্গলবার নতুন করে সহিংসতার খবর পাওয়া গেছে। এ ছাড়া কোকড়াঝাড় জেলায় গুয়াহাটিগামী একটি ট্রেনে গতকাল হামলা চালায় দুর্বৃত্তরা।আসামে শুক্রবার থেকে শুরু হওয়া জাতিগত এ সহিংসতায় গতকাল পর্যন্ত ২২ জন নিহত হয়েছে। পুলিশ জানায়, দাঙ্গাবাজদের ‘দেখামাত্র গুলি’র নির্দেশ দেওয়া হয়েছে।রেল সূত্র জানায়, কোকড়াঝাড় জেলার গোসাইগাঁও এলাকায় গতকাল গুয়াহাটিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা ট্রেনের চারটি কক্ষে ভাঙচুর চালায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র গতকাল বলেন, ‘প্রধানমন্ত্রী টেলিফোনে আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের পদক্ষেপের পাশাপাশি হতাহত ব্যক্তিদের পরিবারকে সহায়তা ও বাস্তুচ্যুত লোকজনকে পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন।’পুলিশ জানায়, কোকড়াঝাড়, চিরাং ও ধুবরি জেলার গোলযোগপূর্ণ বিভিন্ন এলাকায় অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন (কারফিউ) জারি রয়েছে। আসামের দক্ষিণাঞ্চলে আদিবাসী বোড়ো সম্প্রদায় ও অভিবাসী বাঙালি মুসলিমদের মধ্যে সহিংসতা শুরু হওয়ার পর থেকে অন্তত ৬০ হাজার মানুষ বাড়ি ছেড়ে সরকারি আশ্রয়কেন্দ্রে চলে যায়। কোকড়াঝাড়ের জেলা প্রশাসক ডোনাল্ড গিলফেলান বলেন, বোড়ো ও মুসলিম সম্প্রদায় পরস্পরের বাড়িঘরে আগুন দিচ্ছে। দাঙ্গার গুজবে লোকজন পালাচ্ছে। আধাসামরিক বাহিনী পরিস্থিতি সামাল দিতে কয়েকটি স্থানে গুলি চালাতে বাধ্য হয়েছে।স্থানীয় সরকারি সংগঠন বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের প্রধান হাগ্রামা মহিলারি গতকাল বলেন, ‘গত রাতেও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে আরও সেনা মোতায়েন করা প্রয়োজন।’গোলযোগপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আসামের বনমন্ত্রী রকিবুল হোসেন। পুলিশ জানায়, কোকড়াঝাড় জেলায় শুক্রবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের হাতে খুন হয় চার বোড়ো আদিবাসী যুবক। ওই ঘটনার প্রতিশোধ নিতে সশস্ত্র বোড়ো আদিবাসীরা মুসলিমদের ওপর হামলা চালায়। এরপর শুরু হয় সহিংসতা। এএফপি।