আসামে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে যাত্রীবাহী বাস থামিয়ে বিচ্ছিন্নতাবাদীরা অতর্কিত গুলি ছোড়ে। এতে পাঁচজন যাত্রী নিহত হন। গুরুতর আহত হন দুজন। নিখোঁজ দুজন। রাজ্যের কোকড়াঝাড় জেলার রামফালবেল এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ কমিশনার জি ডি ত্রিপাঠি বলেন, আহত ব্যক্তিদের আসামের বঙ্গাইগাঁও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাসটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহর থেকে মেঘালয়ের রাজধানী শিলং যাচ্ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, এই গুলিবর্ষণের সঙ্গে জড়িত থাকতে পারে আসামের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোরোল্যান্ড (এনডিএফবি)। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। পুলিশ জঙ্গিদের ধরার জন্য এলাকা ঘিরে রেখেছে।