আসামে শ্রমিকদের আগুনে স্ত্রীসহ কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের এক বাসভবনে গত বুধবার রাতে আগুন দিয়ে চা-বাগানের ব্যবস্থাপক ও তাঁর স্ত্রীকে হত্যা করা হয়েছে। বাগানের ক্ষুব্ধ শ্রমিকেরা ওই বাসভবনে আগুন দেয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।আসামের কুনাপাতহার এলাকার ওই বাগানের ব্যবস্থাপনায় গড়ে তোলা আবাসনে থাকত শ্রমিকেরা। সম্প্রতি বাগান কর্তৃপক্ষ সেখান থেকে কিছু শ্রমিককে চলে যেতে বলে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকেরা। বিষয়টি নিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিল।পুলিশ ও স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান, গত বুধবার রাতে অন্তত ৭০০ ক্ষুব্ধ শ্রমিক বাগান ব্যবস্থাপকের বাসভবন ঘেরাও করে। একপর্যায়ে তারা ব্যবস্থাপকের দুটি গাড়ি ও বাসভবনে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে মারা যান ব্যবস্থাপক মৃদুল কুমার ভট্টাচার্য ও স্ত্রী রিতা ভট্টাচার্য।স্থানীয় কর্মকর্তা এসএস মিনাক্ষী সুন্দরম জানান, আগুনে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে মৃদুল ভট্টাচার্য ও রিতা ভট্টাচার্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।ভারতে মোট উৎপাদিত চায়ের অর্ধেকেরও বেশি পাওয়া যায় আসাম থেকে। এই রাজ্যে ৮০০ চা-বাগান রয়েছে। বিবিসি।