আসামে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে বিজেপি: কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসামে বোড়ো আদিবাসী ও সংখ্যালঘু মুসলিমদের দাঙ্গায় দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন দল কংগ্রেসের নেতা দিগ্বিজয় সিং।কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং গত বৃহস্পতিবার বলেন, ‘অবৈধ অভিবাসীর বিষয় তুলে বিজেপি শুরু থেকেই আসাম পরিস্থিতিকে সাম্প্রদায়িকীকরণের চেষ্টা চালাচ্ছে। প্রকৃত বিষয় হলো, সেখানে অবৈধ মুসলিম অভিবাসী যেমন রয়েছে, তেমন রয়েছে হিন্দু অবৈধ অভিবাসীও।’আসামে গতকাল শুক্রবার নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। সহিংসতার কেন্দ্রস্থল কোকড়াঝাড় জেলায় অনির্দিষ্টকালের কারফিউ ও দাঙ্গাবাজদের দেখামাত্র গুলির নির্দেশ বহাল রয়েছে। পাশাপাশি চিরাং ও ধুবড়ি জেলায় বহাল রয়েছে রাত্রিকালীন কারফিউ। তবে আশ্রয়শিবিরগুলোতে মানুষের ভিড় আরও বেড়েছে। বাড়িঘর ছেড়ে ২৩০টি ত্রাণশিবিরে ঠাঁই নিয়েছে প্রায় চার লাখ মানুষ। এই অবস্থায় আজ শনিবার কোকড়াঝাড় যাচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।পরিস্থিতি সামলাতে আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের নেওয়া পদক্ষেপ পর্যাপ্ত বলে সমর্থন করছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তিনি বলেন, দাঙ্গাকবলিত স্থানগুলোতে পরিস্থিতির উন্নতি ঘটছে। আগামী দু-তিন দিনের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে আসবে বলে তাঁর আশা। আসামকে একটি স্পর্শকাতর রাজ্য উল্লেখ করে দিগ্বিজয় সিং বলেন, ‘বাইরের একটি শব্দেও এখানে মারাত্মক প্রভাব দেখা দিতে পারে। এটি মনে রাখা দরকার, বোড়ো ও মুসলিমদের মধ্যে সংঘাত এবারই প্রথম নয়। দুই পক্ষের মধ্যে এই সংঘাত চতুর্থ। এ ধরনের পরিস্থিতি যেকোনো রাজ্য সরকারই প্রথমে নিজস্ব প্রশাসন দিয়ে মোকাবিলা করতে চায়। যখন স্থানীয় কর্তৃপক্ষ অকার্যকর হয়ে পড়েছে, তখনই আধাসামরিক বা সেনাবাহিনীর সদস্যদের ডাকা হয়।’ইতিমধ্যে আসামের সহিংসতার ঘটনা তদন্তে ১০ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠনের ঘোষণা দিয়েছে কংগ্রেস। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।