আসামে ১০ সিপিআই-সমর্থক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের শোণিতপুর জেলায় দুর্বৃত্তদের গুলিতে ১০ জন সিপিআইয়ের সমর্থক (এম-এল) নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আটজন। গতকাল বুধবার বিকেলে আসাম-অরুণাচল সীমান্তের বরগং থানার চাউলধোয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

শোণিতপুরের পুলিশ সুপার সংযুক্তা পরাশর জানিয়েছেন, গতকাল বিকেলে দুষ্কৃতকারীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের বরগং হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সবাই সিপিআইয়ের (এম-এল) ‘অরুণাচল আগ্রাসন প্রতিরোধ কমিটি’র সদস্য।

আসাম-অরুণাচল সীমান্ত এলাকার চাউলধোয়া গ্রামে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। দুই রাজ্যের তরফ থেকে জমি নিয়ে বিরোধ মেটানোর উদ্যোগ নেওয়া হলেও সফল হয়নি।

সিপিআইয়ের (এম-এল) আসাম রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিবেক দাস বলেন, অরুণাচলের একদল লোক বেশ কিছুদিন ধরে এই এলাকার জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। তাদের ঠেকাতে এই এলাকায় সিপিআইয়ের (এম-এল) সমর্থকদের একটি দল দুই মাস ধরে এখানে নজরদারি চালাচ্ছিল।