পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে কি না, তা নিয়ে গতকাল সোমবার লাহোর হাইকোর্টে শুনানি হয়েছে। শুনানি চলাকালে আদালত জারদারির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। হাইকোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ শুনানি চলাকালে বলেন, প্রেসিডেন্ট জারদারি রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না মর্মে ২০১১ সালের মে মাসে রায় দেন আদালত। তবে জারদারি সেই রায়ের সঙ্গে সংগতি রেখে চলতে পারেননি।আদালত আরও বলেন, শুনানি চলাকালে প্রেসিডেন্ট জারদারির সততার সঙ্গে তথ্য উপস্থাপন করা উচিত। তবে তিনি সেভাবে সাড়া দিতে ব্যর্থ হলে আদালত অবমাননার রুল দেওয়া হবে। শুনানির শুরুর দিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওয়াসিম সাজ্জাদ আদালতের কার্যক্রম মুলতবি করার অনুরোধ জানান। তবে বিচারপতি বান্দিয়াল বলেন, আদালতকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট জারদারি কোনো রাজেনৈতিক কর্মকাণ্ডে অংশ নেননি। তবে সংবাদমাধ্যমের প্রতিবেদনে এর ব্যতিক্রম লক্ষ করা গেছে। তাই এ ধরনের পরিস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া উচিত, তা নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি বান্দিয়াল। পরে ২৯ মার্চ পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করা হয়। ডন অনলাইন।